shono
Advertisement
Air Fryer Cleaning Tips

দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে

এয়ার ফ্রায়ারের মূল ইউনিট বা বৈদ্যুতিক অংশ কখনও জলে ডুবিয়ে পরিষ্কার করবেন না। পরিষ্কার করার আগে অবশ্যই প্লাগ খুলে নিন এবং সব অংশ সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই আবার ব্যবহার করুন।
Published By: Utsa TarafdarPosted: 02:14 PM Sep 12, 2026Updated: 05:58 PM Sep 12, 2026

এয়ার ফ্রায়ার ঠিক কেমনভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে প্রশ্ন থাকে গৃহস্থের মনে। তার সমাধান যদি বা করা গেল, পরের প্রশ্ন হয়ে দাঁড়ায়, এয়ার ফ্রায়ার কেমনভাবে পরিষ্কার (Air Fryer Cleaning Tips) করা উচিত, তার পদ্ধতি নিয়ে। অনেক বাড়িতেই এখন প্রায়শই ব্যবহৃত এই ইলেকট্রিকচালিত রান্নার সরঞ্জাম। কম তেলে ফ্রাই করা থেকে শুরু করে স্ন্যাকস গরম করা— বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যায়। তবে নিয়মিত ব্যবহারের ফলে এর মধ্যে তেলের আস্তরণ ও খাবারের ছোট ছোট টুকরো জমতে পারে।

Advertisement

কোনও খাবারের গন্ধ তীব্র হলে তাও রয়ে যায় এয়ার ফ্রায়ারের ভিতরেই, প্রভাবিত করে পরের রান্না খাবারগুলিকে। এই সরঞ্জাম পরিষ্কার করতে খুব বেশি পরিকল্পনার প্রয়োজন নেই। বাড়িতেই সহজ উপায়ে পরিষ্কার রাখা যায় এয়ার ফ্রায়ার।

১. লিকুইড ডিশ ওয়াশার
প্রতিবার ব্যবহারের পর এয়ার ফ্রায়ারের বাস্কেট ও ট্রে কিছুটা ঠান্ডা হতে দিন। তারপর এগুলি খুলে গরম জলে অল্প বাসন মাজার তরল মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে তেল ও খাবারের লেগে থাকা অংশ নরম হয়ে যাবে। নরম স্পঞ্জ দিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন। খুব শক্ত স্ক্রাবার ব্যবহার না করাই ভালো, এতে বাস্কেটের নন-স্টিক আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. বেকিং সোডা
বাস্কেট বা ট্রেতে যদি পুরনো তেলের দাগ থেকে যায়, তাহলে বেকিং সোডা কাজে লাগাতে পারেন। সামান্য বেকিং সোডার সঙ্গে অল্প জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তেলের দাগের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে জমে থাকা তেল ও খাবারের অবশিষ্টাংশ দূর হতে পারে।

৩. দুর্গন্ধ দূর করতে লেবুর রস
মাছ, মাংস বা মশলাদার খাবার রান্নার পর এয়ার ফ্রায়ারের ভিতর গন্ধ থেকে যেতে পারে। এই গন্ধ কমাতে লেবু ব্যবহার করা যায়। একটি পাত্রে জল নিয়ে তাতে কয়েক টুকরো লেবু দিয়ে এয়ার ফ্রায়ারে অল্প সময়ের জন্য গরম করে নিন। তবে আপনার মডেলের নির্দেশিকা অনুযায়ী এই পদ্ধতি ব্যবহারযোগ্য কি-না, তা আগে দেখে নিতে হবে। এরপর যন্ত্রটি ঠান্ডা করে ভিতরের অংশ পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

কয়েকটা বিষয় মনে রাখবেন অবশ্যই। এয়ার ফ্রায়ারের মূল ইউনিট বা বৈদ্যুতিক অংশ কখনও জলে ডুবিয়ে পরিষ্কার করবেন না। পরিষ্কার করার আগে অবশ্যই প্লাগ খুলে নিন এবং সব অংশ সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই আবার ব্যবহার করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement