আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। গণতন্ত্রের উৎসবে শামিল হওয়া যেমন কর্তব্য, তেমনই এই চাঁদিফাটা রোদে শরীরকে সুস্থ রাখাও বড় চ্যালেঞ্জ। ভোটের লম্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়া অস্বাভাবিক নয়। তাই ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেওয়া জরুরি। কী কী রাখবেন?
জলের ছোট বোতল: এই তীব্র দাবদাহে শরীরের আর্দ্রতা বজায় রাখুন। সকাল থেকেই পর্যাপ্ত জল পানের অভ্যাস বজায় রাখুন। সঙ্গে রাখুন একটি ছোট জলের বোতল। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে সরাসরি জল না খেয়ে চেষ্টা করুন একটু ছায়ায় জিরিয়ে নিয়ে জল পান করতে। শরীরকে হাইড্রেটেড রাখতে জলের পাশাপাশি ব্যাগে ওআরএস (ORS) বা লেবু-চিনির জল রাখা বুদ্ধিমানের কাজ। মাঝেমধ্যে চোখে-মুখে জলের ঝাপটা দিলে ক্লান্তি কিছুটা কমবে।
ছাতা, টুপি ও রোদচশমা: সরাসরি রোদ থেকে বাঁচতে ছাতা আবশ্যিক। ছাতা না থাকলে অন্তত একটি বড় টুপি সঙ্গে রাখুন। শুধু ফ্যাশন নয়, চোখের আরামের জন্য দরকারি রোদচশমা বা সানগ্লাস। তীব্র রোদের তেজ থেকে রেহাই পেতে এই সরঞ্জামগুলি আপনার প্রধান রক্ষাকবচ হয়ে উঠতে পারে।
আর কী রাখবেন?
রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নিন। সম্ভব হলে ব্যাগে একটি ছোট সানস্ক্রিনের টিউব রাখুন, যাতে দীর্ঘক্ষণ লাইনে থাকলে পুনরায় ব্যবহার করা যায়। ঘাম মোছার জন্য সঙ্গে রাখুন নরম রুমাল। পোশাকের ক্ষেত্রে কোনও আপস নয়। ভিড় এবং গরমে আরাম পেতে বেছে নিন হালকা রঙের সুতির জামাকাপড়।
প্রয়োজনীয় নথিপত্র
সব প্রস্তুতির মাঝেও আসল জিনিসটি ভুললে চলবে না কিন্তু! ভোটার কার্ড এবং নির্বাচন কমিশনের দেওয়া প্রামাণ্য নথি সযত্নে ব্যাগে ভরে নিন। তবে মোবাইল ফোন কোনও ভাবেই সঙ্গে রাখা যাবে না। এ কথা মাথায় রাখা প্রয়োজন।
নির্বাচন গণতান্ত্রিক অধিকার, আর সুস্থ থাকা ব্যক্তিগত দায়িত্ব। তাই সামান্য সচেতন থাকলেই আপনি হাসিমুখে আপনার অধিকার প্রয়োগ করে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবেন।
