সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বাড়ির অন্দরমহলের সাজসজ্জা। একান্নবর্তী পরিবারের বদলে এখন জায়গা করে নিয়েছে দু'কামরার ফ্ল্যাট। অতএব! জায়গাও কম আর তাই কমেছে আসবাবপত্রের বহরও। অনেকেই ছোট জায়গায় অতিরিক্ত আসবাব রাখার ভয়ে পুরনো অনেক মূল্যবান জিনিসই বাতিলের খাতায় রাখেন। কিন্তু না, ২০২৬ সালে দাঁড়িয়ে এই প্রজন্ম এখন পুরনো আসবাব ব্যবহারেই ঘরে অন্য লুক দিতে চায়। অ্যান্টিক জিনিসপত্রই তাই তাঁদের পছন্দের তালিকায় থাকে শীর্ষে। জেনে নিন আপনার অন্দরমহলকে 'ভিন্টেজ লুক' দিতে কীভাবে পুরনো আসবাবপত্রের ব্যবহার করবেন।
বাড়িতে যদি কয়েক প্রজন্মের পুরনো খাট থাকে তাহলে তা একেবারেই বাতিল করবেন না। জেনে রাখুন সবকিছুর সঙ্গে সঙ্গে ওই ধরনের খাটের দামও কিন্তু আকাশছোঁয়া আর কাঠের গুণগত মানও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় তুলনাহীন। তাই রঙ করে ঘরের সঠিক জায়গায় রাখতে পারলে কিন্তু আপনার ঘরের সৌন্দর্যও বাড়বে আর তার সঙ্গে পুরনো আসবাব সঠিক উপায়ে ব্যবহারও করতে পারবেন।
পুরনো দিনের আসবাব। ছবি: এ আই দ্বারা নির্মিত।
এই তালিকায় রয়েছে পুরনো কাঁসা ও পিতলের বাসনও। এমনকী অনেকের বাড়িতে ডকরা বা পিতলের নানা মূর্তি থাকে। যা ভালোভাবে তেঁতুল দিয়ে পরিষ্কার করে নিলেই করবে চকচকে। এবার ঘরের এমন এক কোণে রাখুন যেখানে এই মূর্তি বা বাসনগুলি রাখলে 'ভিন্টেজ লুক' আসবে আপনার অন্দরমহলে।
একসময়ে সন্ধ্যাবেলায় লোডশেডিংয়ের একমাত্র সঙ্গী হ্যারিকেন বা লন্ঠন এখন অনেকের ঘরেই শোভা পায় শুধু 'অ্যাস্থেটিক' লুক দেওয়ার জন্য। শুধু তাই নয় ঝাড়বাতি, লন্ঠন, পিতলের প্রদীপ তাই এই মুহূর্তে বাড়িতে থাকলেও জানবেন তা অপ্রয়োজনীয় নয় বরং আপনার কাছে তা মহার্ঘ্য, ঘর সাজানোর জন্য যা অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনি।
ভিন্টেজ লুকের খাট ও ফুলদানি। ছবি: সোশাল মিডিয়া
তবে হ্যাঁ, একইসঙ্গে মাথায় রাখবেন সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জিনিস টেকসই হওয়াও তো একটা বড় বিষয়। সঙ্গে রয়েছে আরামদায়ক হওয়ার মতো বিষয়ও। তাই পুরনো জিনিসের উপর যেভাবে ভরসা রাখতে পারবেন তা হয়তো অনেকক্ষেত্রেই নতুন আসবাবের ক্ষেত্রে পারবেন না রাখতে। তাই আপনার অন্দরমহলের পুরনো আসবাবের উপর চোখ বন্ধ করে ভরসা রাখুন।
