একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসছেন দুজনে। ফ্রেমবন্দি সেই মুহূর্ত ঘরের দেওয়ালে টাঙানো। কিন্তু সেই ফ্রেম কি সঠিক দিশায় রয়েছে? বাস্তুশাস্ত্র বলছে, শুধু ফ্রেমবন্দি স্মৃতি নয়, সেই ছবির অবস্থানই ঠিক করে দেয় স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ। ভুল দিকে রাখা একটি ছবি যেমন সংসারে অশান্তি ডেকে আনতে পারে, তেমনই ফ্রেমের সঠিক অবস্থান বদলে দিতে পারে সম্পর্কের রসায়ন। কীভাবে?
ছবি: সংগৃহীত
বাস্তু বিশেষজ্ঞদের মতে, দম্পতির ছবি টাঙানোর জন্য ঘরের দক্ষিণ-পশ্চিম কোণ বা ‘নৈঋত কোণ’ শ্রেষ্ঠ। এই দিকটি আদতে পৃথ্বী তত্ত্বের প্রতীক। পৃথিবী যেমন স্থির ও ভারী, এই দিকে ছবি রাখলে দম্পতির পারস্পরিক বিশ্বাস ও স্থায়িত্ব বাড়ে। সম্পর্কে আসে গভীরতা। মনের অমিল দূর হয়। প্রেম বাড়ে। শোয়ার ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে।
তবে সব দেওয়াল কিন্তু ছবি টাঙানোর উপযুক্ত নয়। ভুলেও উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকের দেওয়ালে যুগল ছবি রাখবেন না। বাস্তু মতে, এই দিকগুলোতে দম্পতির ছবি থাকলে অকারণ খিটখিটে ভাব বা পারস্পরিক মতভেদ বাড়তে পারে। তিল থেকে তাল হওয়ার আশঙ্কা থাকে তুচ্ছ বিষয়েও।
ছবি: সংগৃহীত
আরও কিছু খুঁটিনাটি মাথায় রাখা জরুরি। ছবির ফ্রেমটি যেন অবশ্যই কাঠের হয়। ধাতব ফ্রেম সম্পর্কের উষ্ণতা কমিয়ে ‘ঠান্ডা’ করে দিতে পারে। ছবির ঠিক উল্টো দিকের দেওয়ালে যেন কোনও আয়না না থাকে। আয়নায় ছবির প্রতিফলন ঘটলে তা সংসারে বিভ্রান্তি ও অহেতুক সন্দেহ তৈরি করে। এছাড়া গম্ভীর বা বিষণ্ণ মুখের ছবি এড়িয়ে চলাই ভালো। সবসময় হাসিভরা প্রাণবন্ত ছবি বাছুন, যা ঘরে শুভ শক্তির সঞ্চার করবে।
সামান্য এই বদলটুকুই হয়তো আপনার যাপিত জীবনে ফিরিয়ে আনতে পারে হারানো রোম্যান্স। তাই আজই একবার মিলিয়ে নিন, আপনার ঘরের দেওয়ালে সুখের স্মৃতিগুলো সঠিক ঠিকানায় আছে তো?
