শহর জুড়ে যেন প্রেমের মরশুম...। চারপাশে নজর গেলেই যেন প্রেমের হাওয়া। দোকানে, বাজারে নানা উপহার সামগ্রী। পার্ক কিংবা রেস্তরাঁয় যুগলের ভিড়। অন্দরমহলও হোক প্রেমময়। এই প্রেমের মরশুমে দাম্পত্য হোক আরও উষ্ণ। তবে অবশ্যই প্রেমের সপ্তাহে এই কয়েকটি সামগ্রী বাড়িতে আনতে ভুলবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী জেনে কী ঘরে আনতে হবে, আর কোনটা নয়।
দাম্পত্যে উষ্ণতা ধরে রাখার ক্ষেত্রে বিছানার গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষত বাস্তুশাস্ত্র অনুযায়ী, বিছানা কোথায় রাখছেন তার উপর নির্ভর করে রয়েছে আপনার প্রেমভাগ্য। বিশেষজ্ঞদের মতে, ঘরের দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন বিছানা। কখনও অগোছালো রাখবেন না। সারাদিন বিছানা পরিষ্কার করে রাখুন।
শোওয়ার ঘরে আলাদা আলাদা বিছানা রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, তাতে দাম্পত্যে ফাটল ধরতে পারে। একটি ক্যুইন কিংবা কিং সাইজ বেড রাখুন। তাতে সম্পর্ক আরও শক্তপোক্ত হবে।
শুধু বিছানা দক্ষিণ পশ্চিম দিকে রাখলে চলবে না। বিছানার কোন দিকে ঘুমোচ্ছেন, তার উপরেও দাম্পত্য সম্পর্ক নির্ভর করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, স্বামীর বাম দিকে ঘুমোতে হবে মহিলাদের। তাতেই সম্পর্ক আরও গাঢ় হবে।
লাল, নীল, হলুদ - যা ইচ্ছা হল সেই রং শোওয়ার ঘরে করবেন না। হালকা গোলাপি কিংবা ধূসর রং করুন দেওয়ালে। তাতে দাম্পত্য সহাবস্থান হবে আরও শান্তিপূর্ণ। দূর হবে সমস্ত নেতিবাচকতা।
ঘরে লাভবার্ড অথবা জোড়া খরগোশের শো পিস রাখুন। কিংবা রাধাকৃষ্ণের ছবি বা মূর্তিও রাখতে পারেন। তাতে আপনাদের সম্পর্ক হবে আরও সুন্দর।
শোওয়ার ঘরে ভুল করেও আয়না রাখবেন না। বিছানার সোজাসুজি তো ভুলেও নয়। তাতে দাম্পত্য অশান্তি হতে পারে।
অনেক দম্পতি দেওয়ালে ফটোফ্রেমে তাঁদের ছবি টাঙিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের পশ্চিম দিকের দেওয়ালে ফটোফ্রেম রাখুন। তাতে ছবির মতোই সুন্দর হবে আপনার দাম্পত্য।
শোওয়ার ঘরকে আরও সুন্দর করে তুলতে কৃত্রিম ফুল ঘরে রাখেন কেউ কেউ। আবার অনেকে নানা মোমবাতি রাখেন। আপনিও চাইলে তা রাখতেই পারেন। তবে ফুল যেন লাল, গোলাপি অথবা অন্য যেকোনও হালকা শেডের হয়, সেদিকে খেয়াল রাখুন।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে যেকোনও গাছ রাখা শুভ। উত্তর অথবা পূর্ব দিকে পরিষ্কার করে গাছ রাখতে পারেন। তাতে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবেই।
শোওয়ার ঘরে ভুল করেও টিভি কিংবা কোনও মিউজিক প্লেয়ারের মতো বৈদ্যুতিন সামগ্রী রাখবেন না। তাতে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়বে।
দাম্পত্য সম্পর্কের উন্নতিতে প্রেমদিবসের আগে তাই আপনার গৃহসজ্জায় বদল আনুন। বাস্তুশাস্ত্র মেনে ঘর সাজান সুকৌশলে। তাতেই আপনার প্রেমের গাড়ি চলবে গড়গড়িয়ে সমুখপানে।
