দেশের ১২টি রাজ্য থেকে আরও ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের (Fake Universities) খোঁজ মিলল। সেগুলিকে শনাক্ত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই ৩২টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউজিসি। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতার দুটি বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের সতর্কবার্তা দিয়ে ইউজিসি জানিয়েছে এদের থেকে দূরে থাকার জন্য।
জানা যাচ্ছে, গত দুই বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হওয়া নিয়ে উদ্বেগও ছড়িয়েছে। এভাবে যেখানে সেখানে ভুয়া বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠলে পড়ুয়ারা প্রতারণার শিকার হতে পারেন বলে মনে করেছেন শিক্ষাবিদরা। তালিকার শীর্ষে রয়েছে বিজেপি শাসিত দিল্লি। সেখানেই রয়েছে ১২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। দু'নম্বরে আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গে দু'টি। ইউজিসির তরফে পড়ুয়া এবং অভিভাবকদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার আগে সবদিক ভালো করে যাচাই করে নিতে হবে। ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি মোটেই ইউজিসি স্বীকৃত নয়। পড়ুয়াদের বৈধ ডিগ্রি প্রদানের কোনও অধিকারই নেই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির। ফলে চাকরি বা উচ্চ শিক্ষায় এই সমস্ত ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট গ্রাহ্য হবে না।
পশ্চিমবঙ্গের দুটি শিক্ষা প্রতিষ্ঠান হল, ১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা, এবং ২. ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।
নতুন করে যে ১২টি রাজ্যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে, দিল্লি, উত্তরপ্রদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে ২টি করে বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে। একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় পাওয়া গিয়েছে হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড, অরুণাচলপ্রদেশও।
ইউজিসির তরফে যে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের দুটি শিক্ষা প্রতিষ্ঠান হল, ১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা, এবং ২. ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এই প্রতিষ্ঠানগুলি রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
