দুর্যোগ পেরিয়ে ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। মঙ্গলবার সেই তীর্থযাত্রায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার বাস উলটে আহত হয়েছেন ৩৯ জনের। দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে গুন্ড এলাকার হরিগনিওয়ানের এস-মোড অঞ্চলে। এআর১১ ডি৫৬৫৫ রেজিস্ট্রেশনের বাসটি যাত্রাপথে একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির উপর গিয়ে পড়ে। ভেঙে যায় বাড়ির একাংশ। কার্যত কপালজোরে বাসটি খাদে পড়তে পড়তে বেঁচে যায়। প্রশাসনের তরফে জানা গিয়েছে, অমরনাথ দর্শনের পর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন যার মধ্যে ৩৯ জনই আহত হয়েছেন। অনেকের আঘাত গুরুতর। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাসটি যাত্রাপথে একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির উপর গিয়ে পড়ে। ভেঙে যায় বাড়ির একাংশ। কার্যত কপালজোরে বাসটি খাদে পড়তে পড়তে বেঁচে যায়।
এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ওই অংশে রাস্তাটি এল-এর মতো বাঁক নিয়েছে। বাসটি সেখানেই নিয়ন্ত্রণ হারায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে আমরা দেখতে দেখি বাসটি একটি বাড়ির উপর পড়েছে। কয়েকজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে নিরাপত্তাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সকলে উদ্ধার করে।
দুর্ঘটনার পর বিস্তারিত খোঁজখবর নেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'গান্ডেরবালের ডেপুটি কমিশনার ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনায় আহত তীর্থযাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছি। বাবা বরফানির দর্শন সেরে ফেরা ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন এবং বর্তমানে এসকেআইএমএস-এ চিকিৎসাধীন রয়েছেন।' আহতদের দেখতে হাসপাতালেও যান উপরাজ্যপাল।
