বিহারের পর অসম। 'ককরোচ' বিক্ষোভে প্রতিবাদীদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করে নিল হিমন্ত বিশ্বশর্মার সরকার। জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ককরোচ জনতা পার্টি নেতৃত্ব। রাত একটার সময় ককরোচ মুখপাত্র সৌরভ দাস জানান, প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক হয়েছে। বিহার এবং অসম সরকারের বিজ্ঞপ্তিও তুলে ধরা হয়েছে। এবং মোদি সরকার আশ্বাস দিয়েছে, এনডিএ শাসিত সমস্ত রাজ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হবে।
সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে ‘ককরোচ’রা। সেখানে ‘ককরোচ’ মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, সরকারের সঙ্গে তাদের যে ‘চুক্তি’ হয়েছিল, তা সরকার নিজেই ভঙ্গ করেছে। তিনি বলেন, “আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন হয়েছে। বিহার- বাংলায় শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি এবং অন্যান্য রাজ্যেও বহু ছাত্রছত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।” এই সাংবাদিক বৈঠকের কয়েকঘণ্টার মধ্যেই বিহার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভে যে সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, সেগুলি শীঘ্রই প্রত্যাহার করা হবে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদেরও মুক্তি দেওয়া হবে। গভীর রাতে একই পদক্ষেপ করে অসম সরকার।
সৌরভ জানান, সাংবাদিক বৈঠকের পরই সরকারি প্রতিনিধিরা তাঁদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রের তরফে জানানো হয়, দ্রুতই সরকার বিজ্ঞপ্তি জারি করবে। বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির তরফেও বিজ্ঞপ্তি দিয়ে নিট প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা করা হবে। এই মর্মে বিহার এবং অসম সরকারের বিজ্ঞপ্তিও তুলে দেওয়া হয় 'ককরোচ'দের হাতে। মোদি সরকার আশ্বাস দিয়েছে, প্রতিবাদীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। যাদের আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে।
বৈঠক শেষে সৌরভ বলেন, "সরকার আমাদের আশ্বাস দিয়েছে আগামীকালের মধ্যেই সমস্ত রাজ্য থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।" এক্ষেত্রে লক্ষণীয়, গত শুক্রবার কলকাতায় মিছিল শেষে ‘ককরোচ’দের ‘জঙ্গিপনা’র ছবিই চোখে পড়েছে। ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো-জলের বোতল। 'ককরোচ'দের এই মিছিল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও কি মুক্তি দেওয়া হবে?
