সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের খানিকক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাওয়া গেল একেবারে অন্য এক চরিত্রে। আত্মপ্রকাশ করল প্রধানমন্ত্রীর থ্রি-ডি অবতার। ওই চরিত্রটি ভিডিওতে শেখাল কী করে ত্রিকোণাসন করতে হয়। কয়েকটি ধাপে এই আসন করলে কী কী সুফল পাওয়া যাবে, শেখালেন মোদি। মানসিক চাপ কমাতে, দুশ্চিন্তা ঘোচাতে এই আসন অত্যন্ত কার্যকরী বলেও জানানো হয়েছে। আজ রেডিওতে মোদির ৪২-তম ‘মন কি বাত’ অনুষ্ঠিত হয়।
ওই বেতার অনুষ্ঠানেই মোদি ইঙ্গিত দেন, তিনি হয়তো প্রথাগত যোগাসন শিক্ষক নন, কিন্তু দেশের মানুষের আগ্রহ ও ভালবাসা তাঁকে যোগাসনের শিক্ষক করে তুলেছে। যোগাসন এখন ভারত জুড়ে একটি আন্দোলনে পরিণত হয়েছে বলে আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন মোদি। সঙ্গে এও বলেন, ‘দেশের প্রায় প্রতিটি বাড়িতেই এখন যোগাসনের সুফল পৌঁছে গিয়েছে।’ এর পাশাপাশি তিনি জানান, পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তিনি গত সপ্তাহের অনুষ্ঠানে যে পরামর্শগুলি দিয়েছিলেন, সেগুলি ছাত্রছাত্রীদের কাজে লেগেছে বলে বিপুল প্রতিক্রিয়া পেয়ে তিনি অভিভূত।
প্রধানমন্ত্রীর এদিনের বেতার অনুষ্ঠানের বেশিরভাগ অংশ জুড়েই ছিল কৃষক ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নানা কথা। মোদি দাবি করেন, কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থায় জোয়ার আনতে কেন্দ্র একাধিক পদক্ষেপ করেছে। ২০১৮-র সাধারণ বাজেটের কথা তুলে ধরে তিনি মনে করিয়ে দেন, কৃষিজাত পণ্যের ‘মিনিমাম সাপোর্ট প্রাইস’ বা MSP-র প্রায় দেড়গুণ বেশি দাম পেয়েছেন কৃষকরা। দেশের মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে কেন্দ্রীয় নানা প্রকল্পের কথাও মনে করিয়ে দিয়েছেন। ড. আম্বেদকরের স্বপ্নকে সত্যি করে দেশের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নই যে এই সরকারের মূল লক্ষ্য, আজকের অনুষ্ঠানে সে কথাও বলেন প্রধানমন্ত্রী।
The post থ্রি-ডি অবতারে চমকে দিলেন মোদি! যোগগুরু হয়ে শেখালেন ত্রিকোণাসন appeared first on Sangbad Pratidin.
