রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা ওড়িশায়। পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ পুলিশকর্মীর। বড় পণ্যবাহী গাড়ি সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কায় আহত আরও তিন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে ওড়িশার ঝাড়সুগুড়া জেলায়। মৃত পুলিশকর্মীদের নাম কাশীরাম ভোই, দেবদত্ত সা, নিরঞ্জন কুজুর, লিঙ্গরাজ ধুরুয়া ও ভক্তবন্ধু মির্ধা। মৃতদের মধ্যে কাশীরাম ও দেবদত্ত সশস্ত্র পুলিশের কর্মী ছিলেন। লিঙ্গরাজ ওই বাহিনীর হাবিলদার পদে কর্মরত ছিলেন। ড্রিল সাব-ইন্সপেক্টর ছিলেন নিরঞ্জন কুজুর। ভক্তবন্ধু ছিলেন হোমগার্ড। আহত আরও তিনজন পুলিশকর্মীর মধ্যে দু'জন এপিআর কর্মী ও একজন সার্জেন্ট। তাঁদেরকে ঝারসুগুড়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
জানা গিয়েছে, রবিবার ভোরে পেট্রোলিং ডিউটিতে ছিলেন পুলিশকর্মীরা। থানার কাছেই এসে গিয়েছিল পুলিশের ভ্যানটি। কিন্তু উলটো দিক থেকে দ্রুত গতিতে ছুটে চলা বড় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশকর্মীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৫ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঝাড়সুগুড়ার পুলিশ সুপার (এসপি) গুন্ডালা রাঘবেন্দ্র রেড্ডি জানিয়েছেন, "ভোরে ঝারসুগুড়া সদর থানার সামনে ঘটনাটি ঘটেছে। কী করে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। আমরা ট্রাক চালকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে।"
২০২৪ সালে সরকারি তথ্য অনুসারে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে ৭,২৬৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাতে মারা গিয়েছে, ৩,৮৪৬ জন। অন্যদিকে, ভুল পথে গাড়ি চালানোর ফলে ১,১০৩টি দুর্ঘটনায় ৪৭০ জন মারা যায়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে ৫৮৫টি দুর্ঘটনায় ২৩৫ জন মারা যায়।
