SIR নিয়ে ইতিমধ্যেই বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে রীতিমতো আতঙ্কের আবহ। যে পর্যন্ত যে কটা রাজ্যের ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সব রাজ্যেই ৮-১২ শতাংশ ভোটার বাদ গিয়েছেন। আগামী দিনে বাংলাতেও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তথাকথিত অনুপ্রবেশকারীদের আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের এক সরকারি অনুষ্ঠানে তিনি ঘোষণা করে দিলেন, সে রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরের মধ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে।
শনিবার অসম পুলিশের ১০ নম্বর ব্যাটালিয়নের একটি নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয় অসমে। সেখানে উপস্থিত ছিলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীরা যে জমি দখল করে রেখেছিল, সেই দখলমুক্ত করা জমিতেই তৈরি হবে অসম পুলিশের নয়া ক্যাম্পাস। নয়া ক্যাম্পাসের শিলান্যাস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, "আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব।"
স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, "আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নির্বাচন কমিশন SIR এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দিচ্ছে। এবার এই অনুপ্রবেশকারীদের আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তিনি বলছেন, "শুধু এই জবরদখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে লাভ নেই। শুধু জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবেন। তাদের দেশ থেকেই তাড়াতে হবে।"
অসমের ভোটের মুখে শাহী হুঙ্কার, "বিজেপি ফের ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। অসম এবং গোটা দেশ অনুপ্রবেশকারী মুক্ত হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া অনুপ্রবেশকারীদের বিতাড়ন অসম্ভব।
