হিমাচলের চম্বা জেলার কাকিরায় ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ভোরে পর্যটক বোঝাই একটি গাড়ি পড়ল গভীর খাদে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গুজরাট থেকে আসা ৫ জন পর্যটক রয়েছেন। আর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে জেলা প্রশাসনকে যাবতীয় দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন হিমাচলের (Himachal Pradesh) মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
নিয়ম ভেঙে একটি টয়োটা ইনোভা গাড়িতে চালক-সহ ছিলেন ১০ জন। লাহরু-তুন্নুহাটি সড়ক ধরে গাড়িটি মানালি থেকে ডালহাউসি যাচ্ছিল। তখনই কাকিরায় রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় সেটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাদে পড়ার ভয়ংকর অভিঘাতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ জনের। বাকি ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ললিত ভাই ফাটানি, তাঁর স্ত্রী মমতা, প্রিয়াঙ্ক কানাহাইয়া লাল, তাঁর স্ত্রী কাজল এবং ছেলে দিয়াংশ। প্রত্যেকেই গুজরাটের বাসিন্দা। এছাড়াও গাড়িচালক জসওয়ান্তের মৃত্যু হয়েছে। তিনি মান্ডির জোগিন্দরনগরের বাসিন্দা। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। যদিও আহতদের একজন জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এর পরেই সেটি খাদে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
