shono
Advertisement
Shashi Tharoor

‘এসআইআরের জন্যই বঙ্গ জয় বিজেপির’, মন্তব্য থারুরের, মুখ খুললেন কেরলে কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়েও

১৪০ সদস্যের কেরল বিধানসভায় কংগ্রেস একা পেয়েছে ৬৩টি আসন। জোট শরিক আইইউএমএলের বিধায়ক ২২ জন। কেরল কংগ্রেস ৮টি আসনে জিতেছে। তিনটি আসনে জয়ী আরএসপি। সব মিলিয়ে ১০২টি আসন ঝুলিতে পুরেছে কংগ্রেস জোট। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে এখনও জট কাটেনি।
Published By: Subhodeep MullickPosted: 07:50 PM May 11, 2026Updated: 07:53 PM May 11, 2026

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কারণেই বাংলার বিধানসভা ভোটে জয়লাভ করেছে বিজেপি। সোমবার এমনটাই দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি, কেরলে কংগ্রেসের জয় নিয়েও মুখ খুলেছেন তিনি।

Advertisement

আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন থারুর। সেখানে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯১ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৪ লক্ষ মানুষ আপিল করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা বৈধ ভোটার। নিয়ম অনুযায়ী প্রতিটি মামলার পৃথকভাবে বিচার করার কথা ছিল। কিন্তু ভোটের আগে মাত্র কয়েকশ'টি মামলার বিচার হয়েছে। বাকিদের বিচার প্রক্রিয়া চলবে। ফলে এরকম বহু মানুষই এবার ভোট দিতে পারেননি।” এসআইআর প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস সাংসদ বলেন, “বঙ্গে দেখুন, বিজেপি ঠিক ৩০ লক্ষ ভোট ব্যবধানেই জিতেছে। আপনারাই বলুন, এটা কি গণতন্ত্র?” তবে ভুয়ো এবং ডুপ্লিকেট ভোটারের বাদ দেওয়ার নিয়ে তার যে আপত্তি নই, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন থারুর।

অন্যদিকে, কেরলে কংগ্রেসের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন হাত শিবিরের সাংসদ। দক্ষিণী রাজ্যে কংগ্রেসের জয়ের জন্য এসআইআর-কেই দায় করেছেন তিনি। থারুর বলেন, "এসআইআর-এর কারণে কেরলেও অনেকের নাম বাদ দিয়েছে। আমার মনে হয়, সেই কারণেই কেরলে জয় পেয়েছে কংগ্রেস। ভোটার তালিকা সংশোধন না হওয়ার ফলে এতবছর ধরে সিপিএম তার ফায়দা তুলেছে। সেখানে বহু ঘটনা ঘটত। এসআইআরের মাধ্যমেই সেখানে ভুয়ো ভোটারদের সরানো হয়েছে। সংশোধিত হয়েছে ভোটার তালিকা।"

উল্লেখ্য, ১৪০ সদস্যের কেরল বিধানসভায় কংগ্রেস একা পেয়েছে ৬৩টি আসন। জোট শরিক আইইউএমএলের বিধায়ক ২২ জন। কেরল কংগ্রেস ৮টি আসনে জিতেছে। তিনটি আসনে জয়ী আরএসপি। সব মিলিয়ে ১০২টি আসন ঝুলিতে পুরেছে কংগ্রেস জোট। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে এখনও জট কাটেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement