সাতসকালে হাড়হিম ঘটনা পাঞ্জাবের জলন্ধরে। শুক্রবার সকালে গুরুদ্বারের বাইরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের পরপর গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়। নেপথ্যে কারা, কী কারণে এই খুন, সেসবের কিনারা করতে দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবি উঠেছে। দিনের আলোয় গুরুদ্বারের মতো জনবহুল স্থানে এভাবে প্রকাশ্য শুটআউটের ঘটনায় তীব্র আতঙ্কিত এলাকাবাসী। সোশাল মিডিয়ায় ঘটনার ভয়াবহতার আর নিরাপত্তাহীনতার কথা তুলে ধরছেন তাঁরা।
এ যেন সিনেমার দৃশ্য! শুক্রবার সকালে জলন্ধরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারে গিয়েছিলেন আপ নেতা লাকি ওবেরয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুরুদ্বারের সামনে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করে ঘুরে দাঁড়াতেই সামনের একটি বাইক থেকে গুলিবৃষ্টি শুরু হয়। একে একে পাঁচটি গুলি ঝাঁজরা করে দেয় নেতাকে। বুলেটবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এ যেন সিনেমার দৃশ্য! শুক্রবার সকালে জলন্ধরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারে গিয়েছিলেন আপ নেতা লাকি ওবেরয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুরুদ্বারের সামনে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করে ঘুরে দাঁড়াতেই সামনের একটি বাইক থেকে গুলিবৃষ্টি শুরু হয়। একে একে পাঁচটি গুলি ঝাঁজরা করে দেয় নেতাকে। বুলেটবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচটি গুলি এমনভাবেই তাঁর শরীরের বিভিন্ন অংশ ভেদ করে ঢুকে গিয়েছিল যে তা বের করা প্রায় সম্ভব ছিল না।
শুটআউটের ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে জলন্ধর পুলিশের একটি দল ছুটে যায়। ততক্ষণে অবশ্য উধাও দুষ্কৃতীরা। জানা গিয়েছে, আততায়ীরা একটি বাইকে করে এসে লাকিকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়েই চম্পট দেয়। গোটা ঘটনা পূর্বপরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। জলন্ধরের ডিএসপি মনপ্রীত সিং জানিয়েছেন, ''লাকি ওবেরয় গুরুদ্বার থেকে প্রার্থনা সেরে বেরচ্ছিলেন। সেসময় বাইকে করে লোকজন এসে গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।''
প্রকাশ্যে, দিনের আলোয় এমন হাড়হিম করা ঘটনায় পাঞ্জাব সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া সমালোচনা করে তাঁর মন্তব্য, ''ভগবন্ত মানের আমলে পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে শাসকদলের নেতাও এভাবে খুন হয়ে যাচ্ছেন, কোনও নিরাপত্তা নেই। পাঞ্জাব এখন গ্যাংওয়ারের কেন্দ্র হয়ে উঠেছে।''
