চোর সন্দেহে আটক করে ৪ নাবালিকার উপর নৃশংস অত্যাচার একদল যুবকের। চামচ পুড়িয়ে ছেঁকা দেওয়ার পাশাপাশি নাবালিকাদের নগ্ন করে গোপনাঙ্গে ঢেলে দেওয়া হল পেট্রোল। ভয়াবহ এই ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের ডিএলএফ ফেজ-৩ এলাকায়। নৃশংস এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।
জানা গিয়েছে, গত সোমবার ওই এলাকায় এক নির্মিয়মান ভবনের কাছে গিয়েছিল ওই ৪ নাবালিকা। পাশের একটি বাড়িতে পেয়িং গেস্ট (PG) হিসেবে থাকা একদল যুবক তাদের চোর সন্দেহে আটক করে। ঘরে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার চালানো হয় তাদের উপর। মারধোর করার পাশাপাশি চামচ পুড়িয়ে সারা শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। এরপর নগ্ন করে ওই নাবালিকাদের গোপনাঙ্গে ঢালা হয় পেট্রোল।
এদিকে নাবালিকাদের খোঁজে তাঁদের মায়েরা ওই পিজির সামনে আসেন। মেয়েদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও নির্যাতনকারীরা কোনও কথা শোনেননি। দীর্ঘক্ষণ নির্যাতন চালানোর পর যতক্ষণে তাদের ছাড়া হয় ততক্ষণে ওই নাবালিকাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। ৪ নির্যাতিতাকে গুরুগ্রামের এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।
নৃশংস এই অত্যাচারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে তৎক্ষণাৎ পদক্ষেপ করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় ২ অভিযুক্তকে। পুলিশের তরফে জানানো হয়েছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের কাউকে রেয়াত করা হবে না। বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
