বিজেপি সাংসদ রবনীত সিং বিট্টুকে 'গদ্দার'বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তা নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, বিট্টু শিখ ধর্মালম্বি বলেই তাঁকে গদ্দার বলে কটাক্ষ করেছেন রাহুল।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং নিহত হওয়ার পরে তাঁর নাতি রবনীত সিং বিট্টুর সঙ্গে রাহুলের আলাপ হয়েছিল। রাহুলই তাঁকে রাজনীতিতে নিয়ে আসেন। সেই বিট্টু এখন বিজেপিতে। মোদি সরকারের মন্ত্রীও হয়েছেন। বুধবার তাঁকে সংসদ ভবনের সামনে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন রাহুল। বিট্টু সংসদে প্রবেশ করার সময় রাহুল বলেন, ‘‘ওই দেখুন, এক জন বিশ্বাসঘাতক আসছেন। ওঁর মুখটা দেখুন।’’ রাহুল তাঁর দিকে হাত বাড়িয়ে বলেন, ‘‘হ্যালো ভাই। আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা কোরো না। তুমি আবার ফিরে আসবে।’’
রবনীতও কংগ্রেস নেতাদের দিকে আঙুল তুলে ‘দেশ কা দুশমন’ বলেন। তাঁর কটাক্ষ, ‘‘মনে হচ্ছে, কার্গিল যুদ্ধ জিতে এসেছে।’’ এই ঘটনার পরেই রবনীতের অনুগামীরা কংগ্রেস দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। দিল্লির বিজেপি নেতারাও তাতে যোগ দেন। তাঁদের অভিযোগ, রাহুল গান্ধী একজন শিখকে বিশ্বাসঘাতক বলে অপমান করেছেন। রাহুলের কুশপুত্তলিকা দাহ করা হয়। কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। লোকসভার বিরোধী দলনেতা রাহুলের এই মন্তব্য নিয়ে বুধবার উত্তালও হয় লোকসভার অধিবেশন।
এর পর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে রাহুলকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, "গতকাল কংগ্রেসের রাজপুত্র একজন সাংসদকে গদ্দার বলেছিলেন। ওদের অহংকার অনেক বেড়ে গিয়েছে। এত লোক কংগ্রেস ছেড়েছেন। কংগ্রেস কতবার ভেঙেছে। ওরা তো অন্য কাউকে গদ্দার বলে না। রবনীত সিং বিট্টুকে গদ্দার বলা হয়েছে কারণ উনি শিখ।"
