নিট, সিবিএসইর পর এবার এসএসসি জিডি। সর্বভারতীয় পরীক্ষায় ফের অনিয়মের অভিযোগ। গত ২৫ মে এসএসসি জিডির পরীক্ষা ছিল। সেই অনলাইন পরীক্ষায় লাগাতার হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান এস গোপালাকৃষ্ণন। এবার গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বছরের পর বছর কঠিন পরিশ্রম করে প্রস্তুতি নেওয়ার পর ভারতের যুবসমাজকে হতাশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই বলে কেন্দ্রের সমালোচনা করেছেন দীর্ঘ এক্স পোস্টে।
এসএসসি জিডি পরীক্ষা ঘিরে একাধিক অভিযোগ উঠেছে। কোথাও আসনের তুলনায় বেশি পরীক্ষার্থীকে অ্যাডমিট দেওয়া, কোথাও প্রশ্ন ফাঁস, কোথাও পরীক্ষা চলাকালীন সিস্টেম ক্র্যাশ-নানা সমস্যার সম্মুখীন হয়েছেন পরীক্ষার্থীরা। তার জেরে পরীক্ষা বাতিল করতে হয়েছে। গোপালাকৃষ্ণন জানিয়েছেন, সিস্টেম বারবার হ্যাক হয়েছে বলেই সমস্যা। তবে প্রশ্ন ফাঁস হয়নি। পরীক্ষা বাতিলের পর ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। উত্তরপ্রদেশ-বিহারের নানা জায়গায় প্রতিবাদ করেন তাঁরা। আপাতত নতুন করে পরীক্ষা নিতে চলেছে এসএসসি কর্তৃপক্ষ।
গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, '৪৬ লক্ষ পরীক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। কিন্তু পরীক্ষা ব্যবস্থায় মানুষের বিশ্বাসটাই উঠে গিয়েছে। এটা আসলে ইচ্ছাকৃতভাবে মেধাকে ধ্বংস করার চেষ্টা। একটা গোটা প্রজন্ম বিশ্বাস করছে তারা যতই পড়াশোনা করুক না কেন সিস্টেমের গাফিলতিতে তারা ব্যর্থ হবেই। দেশ গঠন নয়, পরীক্ষার দুর্নীতি নিয়ে খবর হচ্ছে বিজেপির ভারতে। যে সরকার পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে পারে না তারা দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না।'
দিনকয়েক আগেই প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছে ডাক্তারি প্রবেশিকা নিটের পরীক্ষা। বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে সিবিএসইর মূল্যায়ন পদ্ধতি নিয়েও। এবার পরীক্ষা 'দুর্নীতি'র তালিকায় জুড়েছে এসএসসিও। অভিষেকের মতে, দেশের যুবসমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে। তারা এগুলো মনে রাখবে। দেশের মধ্যে কীভাবে ঘুণ ধরেছে সেটা এই পরীক্ষা দুর্নীতির মাধ্যমে সামনে আসছে বলেই মত অভিষেকের।
