shono
Advertisement
Akhilesh Yadav

রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও! আদালতের হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক অখিলেশ

বিতর্ক মাথাচাড়া দিতেই এই ইস্যুতে শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের অন্যতম প্রধান দীনেদ্র দাস বলেন, "শ্রীরামের ঐতিহ্যের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। যদি এতে কোনও ভুল হয়ে থাকে তবে স্বয়ং ভগবান রাম তাঁর বিচার করবেন। রামই তাঁকে শাস্তি দেবেন।''
Published By: Amit Kumar DasPosted: 08:02 PM Jun 07, 2026Updated: 08:03 PM Jun 07, 2026

অযোধ্যার রামমন্দির থেকে উধাও হয়ে গিয়েছে ভক্তদের তরফে দান করা কোটি কোটি টাকা। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাঁর এহেন দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিপুল টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় মন্দির ট্রাস্টের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সপা সাংসদ। এবিষয়ে আদালতের হস্তক্ষেপেরও দাবি করেছেন তিনি।

Advertisement

রবিবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে একটি পোস্ট করেন অখিলেশ যাদব। তিনি লেখেন, 'বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর। রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউই সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না।' পাশাপাশি এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে তিনি লেখেন, 'এই বিষয়ে দেশের আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। কারণ এই বিষয়টি বিশ্বের সকল রামভক্ত ও সনাতনীদের বিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। সেখানে সরকারের এই নীরবতা সন্দেহজনক।'

সপার তোপ, 'মন্দির তহবিলের টাকা আত্মসাৎ, জালিয়াতি এবং চুরি কোনওভাবেই মানা যায় না। এই ঘটনা ভক্তদের বিশ্বাসের উপর আঘাত। বিজেপির অন্তত ঈশ্বরকে রেহাই দেওয়া উচিত।'

বিষয়টি নিয়ে সরব হয়েছে সমাজবাদী পার্টিও। তাদের মিডিয়া সেলের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'অযোধ্যায় রাম মন্দিরের অনুদান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, চুরি শুধু লজ্জাজনক নয়, যারা এর দায়িত্বে ছিলেন তাদের নিয়েও প্রশ্ন উঠছে। ট্রাস্টের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তাদের শুধু এই বিষয়ে ব্যাখ্যা দিলেই হবে না, বরং রাম মন্দির নির্মাণের জন্য এবং ভক্তদের তরফে অনুদান হিসাবে এ পর্যন্ত কত টাকা পাওয়া গিয়েছে এবং তা কোথায় খরচ করা হয়েছে, তার হিসাব এবং বিস্তারিত তথ্যও জনগণের সামনে তুলে ধরতে হবে। মন্দির তহবিলের টাকা আত্মসাৎ, জালিয়াতি এবং চুরি কোনওভাবেই মানা যায় না। এই ঘটনা ভক্তদের বিশ্বাসের উপর আঘাত। বিজেপির অন্তত ঈশ্বরকে রেহাই দেওয়া উচিত।'

এদিকে রামমন্দিরে ভক্তদের দানের টাকা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই এই ইস্যুতে মুখ খুলেছেন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের অন্যতম প্রধান দীনেদ্র দাস। তিনি বলেন, "শ্রীরামের ঐতিহ্যের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। যদি এতে কোনও ভুল হয়ে থাকে তবে স্বয়ং ভগবান রাম তাঁর বিচার করবেন। রামই তাঁকে শাস্তি দেবেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement