প্রধানমন্ত্রী চান দেশের যুবসমাজ শুধু রিল বানাবে আর পকোড়া ভাজবে! সিবিএসই পরীক্ষায় উত্তরপত্র বদলে যাওয়া নিয়ে এহেন বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি তিনি দেখা করেছিলেন সার্থকের সঙ্গে। সিবিএসইর পোর্টালে সমস্যা সমাধানে সার্থক এবং তার সহপাঠী নিসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রাহুল।
সার্থকের সঙ্গে সাক্ষাৎ করার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, 'মাত্র ১৮ বছর বয়স হলেও সার্থকের সাহস এবং নৈতিকতা কারওর থেকে কম নয়। তারা এমন একটা কাজ করেছে যেটা দেশের প্রথমসারির মিডিয়াও করতে পারেনি। আসলে মোদিজী চান আমাদের যুবসমাজ স্রেফ রিল বানাক আর পকোড়া ভাজুক। তারা যেন চোখ খুলে প্রশ্ন না করে। কিন্তু এই বাচ্চাগুলো প্রশ্ন করেছে। সিবিআইকেও হারিয়ে দিয়েছে ১৮ বছরের এই খুদে। যুবসমাজের এই সাফল্য আসলে সরকারের ব্যর্থতা।'
দেশের যুবসমাজের প্রশংসায় পঞ্চমুখ রাহুল আরও বলেছেন, 'ভারতের যুবক-যুবতীদের মনে প্রশ্ন রয়েছে। তারা যথেষ্ট সতর্ক, জ্ঞান রয়েছে। সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখা দরকার, এই ভবিষ্যৎ প্রজন্ম কোনও ছলচাতুরির ফাঁদে পা দেবে না।' উল্লেখ্য, নিট, সিবিএসই-সহ নানা পরীক্ষায় অনিয়ম নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন রাহুল। এবার সেই ইস্যুতেই ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।
উল্লেখ্য, সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম নিয়ে ভুরিভুরি অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, আবার কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার দাবি করছেন। অনেক শিক্ষার্থী এমনকী দাবি করেছেন যে, তাঁদের উত্তরপত্রের কিছু পেজ পাওয়া যায়নি। বহু ছাত্রছাত্রী ও অভিভাবক অভিযোগ জানিয়েছেন, স্ক্যান করা উত্তরপত্র ঝাপসা ছিল। কোথাও কোথাও উত্তর মূল্যায়নই করা করার হয়নি। আবার কোথাও নম্বর গণনায় ভুলও দেখা গিয়েছে। রিভ্যালুয়েশন প্রক্রিয়াতেও সার্ভার সমস্যা ও পেমেন্ট গেটওয়ে বিভ্রাটের অভিযোগ উঠেছিল।
