বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এবার সেই পথে হাঁটতে চলেছে ভারত! দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে দেশের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানান, অস্ট্রেলিয়ার মতোই অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে সরকার।
বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই বলে আসছেন, লাগামছাড়া ইন্টারনেট ব্যবহার ক্রমশ উদ্যোগের বিষয় হয়ে উঠেছে। বিশেষত শিশু-কিশোর মানসিক স্বাস্থ্যের জন্য। এআই সামিটে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বলেন, "বহু দেশ মনে করছে যে বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে।" যোগ করেন, "আমরা এখন ডিপফেক, একাধিক সোশাল মিডিয়ায় বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার কথা ভাবছি। এই বিষয়ে আলোচনা চলছে।" ডিপফেকের মতো সাইবার অপরাধে কঠিন আইনের কথা ভাবা হচ্ছে বলেও জানান অশ্বিনী বৈষ্ণব।
গত ১০ ডিসেম্বর ২০২৫ থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হয়েছে নতুন আইন। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটি। গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছিল ঐতিহাসিক এই বিল। কোনও প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি। তবে এই জরিমানা কেবল সংস্থাগুলির জন্যই। কোনও নাবালক কিংবা তার অভিভাবককে শাস্তির মুখে পড়তে হবে না।
ভারতের মতোই ব্রিটেনও সোশাল মিডিয়ায় বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার কথা ভাবছে। অন্যদিকে দেশের দুই রাজ্য গোয়া এবং অন্ধপ্রদেশও সোশাল মিডিয়ায় বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার কথা ভাবছে।
