২০২০ সালের দাঙ্গার সময় দিল্লি পুলিশের এক গোয়েন্দা আধিকারিককে অপহরণ করে খুনে দোষী সাব্যস্ত হলেন আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন। দিল্লির কারকারদুমা আদালত তাহিরকে দোষী সাব্যস্ত করল। উল্লেখ্য, খুনে অভিযুক্ত হওয়ার পরেই দল আপ সাসপেন্ড করেছিল তাহিরকে।
উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় শত্রুতা, দাঙ্গা, আক্রমণ, অপরাধমূলক বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠেছিল আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হল আইবি অফিসার অঙ্কিত শর্মাকে হত্যা। তাতেই এদিন দোষী সাব্যস্ত হলেন তাহির। এছাড়াও অঙ্কিত হত্যাকাণ্ডে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করল জাভেদ, আনাস, নাজিম এবং কাসিমকে। তথ্য প্রমাণের অভাবে অন্য ছয় অভিযুক্তকে মুক্তি দিয়েছে আদালত। দোষীদের সাজার মেয়াদ এখনও নির্ধারিত হয়নি। পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন বিচারক।
এদিকে তাহির হুসেনের আইনজীবী আবদুল গফ্ফর জানিয়েছেন, 'আমরা আদালতের রায়ের বিরুদ্ধে অবেদন করব।' উল্লেখ্য, নিম্ন আদালতের শুনানির সময় সরকারি আইনজীবী জানান, তাহির ও তাঁর সঙ্গীরা আইবি অফিসার অঙ্কিত শর্মাকে অপহরণ করে খুন করেছিল। আদালতে অভিযোগ গঠনের সময় সরকার পক্ষের আইনজীবী জানান, তাহির হোসেন হিন্দুদের উপর হামলা চালানোয় জনতাকে উদবুদ্ধ করেন। তাদের যেন "রেহাই না দেওয়া" হয়, এই ধরনের কথা বলে প্ররোচিত করেন। এর আগে, দিল্লি হাই কোর্ট এই মামলায় তাহির হুসেনের জামিনের আবেদন খারিজ করেছিল।
