shono
Advertisement
Bengal BJP

নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির

শুধু জন্মদিন উদ্‌যাপন নয়। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনের শীর্ষে মোদির ২৫ বছর পূর্তিকেও প্রচারের মূল সুর করা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 10:06 PM Aug 25, 2026Updated: 10:06 PM Aug 25, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে এ বার বাংলায় এক মাসের রাজনৈতিক-সামাজিক কর্মসূচি সাজাচ্ছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই দিনকে সামনে রেখে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। রাজ্যে ক্ষমতায় আসার পরে এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও সংগঠনকে একসঙ্গে ময়দানে নামানোর পরিকল্পনা বিজেপির। কর্মসূচির দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

Advertisement

আর সেই জনসংযোগের কেন্দ্রে যুবা ও মহিলা। পদযাত্রা, বাইক র‌্যালি, স্বাস্থ্য ও রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচির ভাবনা রয়েছে। তীর্থযাত্রীদের সহায়তা, বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগও হবে। ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার জন্য মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত কমিটি গঠন করার কাজ ও শুরু হয়ে গিয়েছে।

রাজ্যে এর আগেও মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা পক্ষে’র কর্মসূচি হয়েছে। এবার মোদির জন্মদিনকে সামনে রেখে এক মাসের এই অভিযানকে কার্যত যুবা-মহিলা ভোটে সংগঠনের নতুন জমি তৈরির পাশাপাশি ‘মোদি মডেলে’র প্রচারের রাজনৈতিক মঞ্চ করতে চাইছে গেরুয়া শিবির।

তবে শুধু জন্মদিন উদ্‌যাপন নয়। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনের শীর্ষে মোদির ২৫ বছর পূর্তিকেও প্রচারের মূল সুর করা হয়েছে। বিজেপির লক্ষ্য, ‘প্রশাসক মোদি’র সাফল্য, কেন্দ্রীয় প্রকল্পের সুফল এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে মানুষের কাছে নতুন করে তুলে ধরা। জন্মদিন তাই হয়ে উঠছে জনসংযোগের রাজনৈতিক উপলক্ষ। পাশাপাশি ‘সেবা সেতু’ অভিযানে মোদি সরকারের বিভিন্ন যোজনার সুবিধা থেকে বাদ পড়া যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ, এক দিকে মোদির জন্মদিনের আবেগ, অন্য দিকে সরকারি প্রকল্পের সুবিধা—দুইয়ের মেলবন্ধনে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement