সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা তো বটেই, মোদি জমানার দেশ জুড়ে অসহিষ্ণুতার বাড়ছে বলে অভিযোগ করে থাকেন নাগরিক সমাজের একাংশও। এবার তেমনই এক অসহিষ্ণুতার নিদর্শন দেখা গেল বেঙ্গালুরুতে। কর্নাটকের রাজধানীতে প্রতিবেশীদের হাতেই আক্রান্ত হতে হল শিখ পরিবারকে। অভিযোগ, ওই শিখ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন হামলাকারীরা। তাঁদের সম্পত্তি বিক্রি করে বেঙ্গালুরু ছেড়ে চলে যেতে বলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি ওই শিখ পরিবারের সদস্যরা। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও, পরে সকলেই জামিনে মুক্তি পেয়ে যান। এদিকে, এই ঘটনা নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
[অভাবের তাড়নায় ৭,৫০০ টাকায় সদ্যোজাতকে বিক্রি করল বাবা-মা]
তথ্য-প্রযুক্তি শিল্পের দৌলতে বেঙ্গালুরুতে বহু ভাষা, বহু সম্প্রদায়ের মানুষের বাস। এতদিন সকলেই শান্তিতে বসবাস করতেন। কোনও অশান্তি ছিল না। কিন্তু, এবার দেশের দক্ষিণ প্রান্তের এই শহরেও থাবা বসাল অসহিষ্ণুতা। সম্পত্তি নিয়ে বিবাদের পরিণতিতে জাতিবিদ্বেষমূলক হামলার শিকার হতে হল এক শিখ দম্পতিকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুতে থাকে ওই শিখ পরিবার। পরিবারের সদস্য বলতে মা ও দুই ছেলে। কিন্তু, গত কয়েক মাস ধরেই সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য তাঁদের উপর চাপ দিচ্ছিলেন প্রতিবেশিরা। রাজি হয়নি শিখ পরিবারটি। তা নিয়ে বিবাদ চরমে উঠে। অভিযোগ, সম্প্রতি ওই শিখ পরিবারটির উপর চড়াও স্থানীয় বাসিন্দারা। চলে বেধড়ক মারধর। আক্রান্তদের উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক মন্তব্যও করা হয়। তাঁদের সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এমনকী, পুলিশকর্মীরাও ওই শিখ পরিবারের সদস্যদের ‘পাকিস্তানি’ বলে সম্বোধন করেন বলেও অভিযোগ।
[তিরুপতিতে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, চার বিদেশি-সহ মৃত ৫]
বস্তুত, এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে আক্রান্তরা। ওই শিখ পরিবারের সদস্য হরপ্রীত উপল বলেন, ‘গত ১৩ মে আমাকে, আমার মা ও ভাইকে বেধড়ক মারধর করে একদল মানুষ। কিন্তু, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’ তবে এই শিখ পরিবারের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় অবশ্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু, পরে সকলেই জামিনে মুক্তি পেয়ে যায়। এদিকে, এই ঘটনার কথা জানতে পেরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
[জানেন, কেন মোদি-যোগীকে রাখি পাঠাচ্ছেন মুসলিম মহিলারা?]
The post সম্পত্তি নিয়ে বিবাদ, বেঙ্গালুরুতে জাতিবিদ্বেষের শিকার শিখ পরিবার appeared first on Sangbad Pratidin.
