shono
Advertisement
BJP

মোদির বাসভবনে বৈঠকে চূড়ান্ত ১৪০ আসনের প্রার্থী! কোথা থেকে লড়বেন শুভেন্দু-দিলীপ?

'ওপরে পদ্ম, নীচে নরেন্দ্র মোদি', বৈঠকশেষে শুভেন্দুর মন্তব্যে জল্পনা।
Published By: Biswadip DeyPosted: 11:23 PM Mar 12, 2026Updated: 11:23 PM Mar 12, 2026

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা তৈরির কাজে অনেকটাই এগিয়ে গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাঁর বাসভবনে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রায় ১৪০টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম মোটামুটি চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

Advertisement

সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁর সুপারিশ মেনেই বহু ক্ষেত্রে দলের পুরনো ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত কর্মীদের উপরে ভরসা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথ থেকে ব্লক স্তর পর্যন্ত কাজ করা সংগঠনের নেতা-কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পরিষ্কার ভাবমূর্তি এবং জয়ের সম্ভাবনা রয়েছে— এমন মুখকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থী তালিকায় মহিলা ও তরুণ মুখও চমক হিসেবে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনেও সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে এসেছে। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর কেন্দ্র থেকে লড়তে পারেন বলে সূত্রের দাবি। পাশাপাশি জানা যাচ্ছে, নন্দীগ্রাম থেকে নাকি আবারও প্রার্থী হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণে প্রার্থী হিসেবে উঠে এসেছে অগ্নিমিত্রা পালের নাম। কাঁথি কেন্দ্র থেকে লড়তে পারেন দিব্যেন্দু অধিকারী। বর্তমান বিজেপি বিধায়কদের বড় অংশই এবারও টিকিট পেতে পারেন, যদিও হাতে গোনা কয়েকজনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে আপাতত প্রায় ১৪০টি আসনে প্রার্থী নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে। বাকি ১৫৪টি আসন নিয়ে আগামী দিনে আরও বৈঠকে বসবে কমিটি। বুধবার থেকেই প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। এদিনের বৈঠকের আগে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতেও বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক হয় বলে জানা গিয়েছে। সেখানে প্রার্থী তালিকার খসড়া নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হয়।

বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “প্রার্থী তালিকা ইমমেটিরিয়াল। ওপরে পদ্ম, নীচে নরেন্দ্র মোদি।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, প্রার্থী বাছাইয়ে শমীক ভট্টাচার্যের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেই তিনি বিষয়টিকে গৌণ করে দেখাতে চাইছেন। তবে দলীয় সূত্রে ইঙ্গিত, ভোটের দিন ঘোষণা হলেই প্রথম দফার প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিজেপি। সেই লক্ষ্যেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও সমীকরণ মিলিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement