নভেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি। লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল গোটা দেশে। সেই দিল্লিতে ফের ছড়াল বোমাতঙ্ক। জানা গিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। সোমবারও একইভাবে একাধিক স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খলিস্তান বানিয়ে দেওয়া হবে।
গত সোমবার দিল্লির ১৩টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। স্কুলগুলিকে পাঠানো ইমেলে লেখা ছিল, ‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ তবে সেই হুমকি ভুয়ো ছিল। সপ্তাহান্তে শুক্রবারেও একই ভঙ্গিতে স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির দমকল সূত্রে খবর, শুক্রবার সকালে অন্তত তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। প্রথমে বিটি তামিল স্কুলে বোমা রয়েছে বলে খবর মেলে। পড়ুয়াদের পরিবারকে সতর্ক করা হয়।
আরও দু'টি স্কুলে বোমা রাখার খবর পেয়েই সেখানে পৌঁছে যান দিল্লির দমকলের আধিকারিকরা। রাজধানীর একাধিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পড়ুয়া এবং তাদের পরিবারকে সতর্ক করা হয়েছে। তবে হুমকি পাওয়া তিনটি স্কুল থেকেই পড়ুয়াদের বের করা হয়েছে। ওই এলাকাগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। কিন্তু হুমকি ইমেলের উৎস এখনও জানতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের দুঃস্বপ্ন এখনও টাটকা। এর মধ্যেই বারবার বোমা মেরে স্কুল ওড়ানোর হুমকির ঘটনা ঘটছে। গত ২৯ জানুয়ারি একই রকম মেল পেয়েছিল ৫টি স্কুল। তারও একদিন আগে দ্বারকা আদালত চত্বর ওড়ানোর হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সংসদ ভবন উড়িয়ে দেওয়ারও হুমকি আসে। তারপর এক সপ্তাহে দু'বার স্কুলে বোমা রাখার হুমকি মিলল। সবমিলিয়ে আতঙ্ক বাড়ছে রাজধানীতে।
