প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেরিয়ার ধ্বংস করতে চাই না। গত বছর দু’দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মজার ছলে এমনই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বছর ঘুরতেই ভারত-আমেরিকার সম্পর্কে উন্নতি হয়েছে। স্বাক্ষর হয়েছে দু’দেশের বাণিজ্যচুক্তি। কিন্তু তারপরই কেন্দ্রকে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, ট্রাম্পের কাছে ‘আত্মসমর্পণ’ করেছেন মোদি। এই আবহেই পুরনো সেই ভিডিও সমাজমাধ্যমে ফের ভাইরাল হতে শুরু করেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল নয়াদিল্লি।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “এধরনের কোনও ভিডিও চোখে পড়েনি। যদি সত্যিই তা ছড়িয়ে থাকে, তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে যখন কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা, তখন এ ধরনের ভিডিও ভাইরাল হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, প্রথমে বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরে রুশ তেল কেনার 'শাস্তি' হিসাবে ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। তারপর থেকেই দু'দেশের সম্পর্কে ভাঁটা পড়ে। সেই সময় একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। আমি চাই না 'ভালোবাসা' শব্দটিকে কেউ অন্যভাবে নিন। আমি তাঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না। তবে গোটা মন্তব্যটিই তিনি মজার ছলে করেছিলেন।
