shono
Advertisement
Uttar Pradesh

অখিলেশের দলীয় অফিসে বুলডোজার অভিযান, উত্তরপ্রদেশে গুঁড়িয়ে গেল ২১ বছরের ভবন

প্রশাসনের দাবি, ওই ভবন খালি করে দেওয়ার জন্য আগেই সরকারের তরফে নোটিস জারি করা হয়েছিল। সোমবার অভিযান চলাকালীন কোনওরকম অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 11:46 AM Jun 22, 2026Updated: 04:18 PM Jun 22, 2026

সমাজবাদী পার্টির দলীয় দপ্তরে বুলডোজার অভিযান যোগী সরকারের। ২১ বছর আগে উত্তরপ্রদেশের সীতাপুরে নির্মিত এই ভবনে সোমবার সকালে বুলডোজার অভিযান চালানো হয় পুরসভার তরফে। ৪টি বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা ভবনটি। প্রশাসনের দাবি, ওই ভবন খালি করে দেওয়ার জন্য আগেই সরকারের তরফে নোটিস জারি করা হয়েছিল। সোমবার অভিযান চলাকালীন কোনওরকম অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ।

Advertisement

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০০৫ সালের ১৫ জানুয়ারি তৎকালীন পুরপরিষদের সভাপতি রাধেশ্যাম জয়সওয়াল টাউন হল চত্বরে এই জমিটি সপার পার্টি অফিসের জন্য অবৈধভাবে বরাদ্দ করেছিলেন। যার ভাড়া ছিল বার্ষিক ১০০ টাকা মাত্র। তবে সেই বরাদ্দ প্রক্রিয়া নিয়মবিরুদ্ধ হওয়ায় পুর পরিষদ এই বরাদ্দ বাতিল করে। এরপরও বেআইনিভাবে ওই সপা অফিসটি পরিচালিত হচ্ছিল। ৮ জুন জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৫ দিনের মধ্যে দপ্তরটি খালি করার নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করে। নির্ধারিত সময়সীমার ২দিন আগেই অফিসটি খালি করে দেন সপার জেলা সভাপতি ছত্রপাল যাদব।

দপ্তরটি খালি করার জন্য আগেই নোটিস জারি করা হয়েছিল আমাদের তরফে। ১৫ দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপরই সোমবার সকালে ওই সরকারি জমি দখলমুক্ত করতে হাজির হয় ৪টি বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হয় গোটা ভবন। পুরসভার শীর্ষ কর্তা সীমা সিং বলেন, দপ্তরটি খালি করার জন্য আগেই নোটিস জারি করা হয়েছিল আমাদের তরফে। ১৫ দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওখানে একটি রাজনৈতিক দলের অফিস ছিল। তা ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য হল ওই জমিটি মুক্ত করা এবং ওই অঞ্চলে একটি সরকারি কলেজ নির্মাণের ব্যবস্থা করা।

উল্লেখ্য, গত শনিবার উত্তরপ্রদেশে বাগপতে রাজপুর খামপুর গ্রামে একটি ৪০ বছরের পুরনো মসজিদ বুলডোজারে ভেঙে দিয়েছিল সরকার। বছর পাঁচেক আগে গ্রামেরি এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, মসজিদটি সরকারি জমি অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে। এরপর আদালতের নির্দেশ মেনে গুঁড়িয়ে দেওয়া হয় মসজিদটি। অভিযান চলাকালীন গোটা গ্রামকে কার্যত পুলিশ ক্যাম্পে পরিণত করা হয়। সরকারি আধিকারিকদের উপস্থিতিতে গোটা অভিযানটি পরিচালনা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement