সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গতির বলি তরতাজা প্রাণ। গতির জোরে বন্ধুর বাইককে টেক্কা দিতে গিয়ে চরম খেসারত দিতে হল ২৪ বছরের যুবককে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন দিল্লির হিমাংশু বনশল। ভাইরাল মর্মান্তিক সেই ঘটনার ভিডিও।
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের ছুটিকে উপভোগ করার জন্য দুই বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন হিমাংশু। নিজের বেনেলি টিএনটি বাইকে করে তীব্র গতিতে যাচ্ছিলেন দিল্লির মান্ডি হাউসের দিকে। পিছনে কাওয়াসাকি নিনজা-তে ছিলেন তাঁর বন্ধু। গতি লড়াইয়ে বারবার একে অন্যকে পিছনে ফেলছিলেন তাঁরা। লেডি আরউইন কলেজের সামনে এসে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হিমাংশু। সোজা কলেজের দেওয়ালে ধাক্কা মারে তাঁর বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
[বাগুইআটিতে বিমান সেবিকার রহস্যমৃত্যু, আটক বান্ধবী-সহ ২]
পুরো ঘটনাই রেকর্ড হয়েছে হিমাংশুর পিছনের বাইকে থাকা বন্ধুর হেলমেটের ক্যামেরায়। আর তাই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকগুলির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি ছিল। এমন সময় হিমাংশুর বাইকের সামনে এক বৃদ্ধ পথচারী চলে আসায় আর টাল সামলাতে পারেননি তিনি। জানা গিয়েছে, দিল্লিতে পারিবারিক ব্যবসা রয়েছে হিমাংশুর। তাই সামলাতেন ২৪ বছরের যুবক। আর অবসর সময়ে বন্ধুদের নিয়ে বাইকে করে বেরিয়ে পড়াটাই ছিল তাঁর নেশা। গতির সেই নেশাই কাল হল দিল্লির বাসিন্দার। আর এর জন্য চরম মূল্যটিই দিতে হল তাঁকে।
[খড়্গপুর আইআইটিতে দুর্ঘটনা, লিফটের তার ছিঁড়ে মৃত ৩]
The post বাইক নিয়ে বন্ধুর সঙ্গে রেষারেষিতে মৃত্যু যুবকের, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
