ওয়েব সিরিজের নামে বেলাগাম যৌন দৃশ্য দেখানোর অভিযোগ। পাঁচটি ওটিটি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে নরেন্দ্র মোদি সরকার।
কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অশ্লীল কনটেন্ট প্রদর্শনের জন্য পাঁচটি ওটিটি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। জানা গিয়েছে, ‘অশ্লীল’ কনটেন্ট প্রদর্শন প্রসঙ্গে এর আগে একাধিকবার কেন্দ্রের তরফে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোনও সেই কথা কানে তোলেনি তারা। এর জেরেই এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র। ভারতে বসে আর এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করা যাবে না।
এর আগে ২০২৪ সালে তথ্য প্রযুক্তি আইনের (২০২১ সালের) ভিত্তিতে ১৮টি ওটিটি প্ল্য়াটফর্মকে নিষিদ্ধ করেছিল কেন্দ্র। শুধু তাই নয়, অ্যাপগুলির মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল। ১৮টি ওটিটি প্ল্য়াটফর্মের পাশাপাশি ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি ওয়েবসসাইটও বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র।
