shono
Advertisement
Delhi

কেরলের পর এবার দিল্লি! রাজধানীর নাম বদলের দাবিতে শাহকে চিঠি বিজেপি সাংসদের

Delhi to Indraprastha: বিজেপি সাংসদের প্রস্তাব, দিল্লির কোনও একটি স্থানে পাণ্ডবদের মূর্তি প্রতিষ্ঠা করা হোক, যাতে আমাদের সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান থাকে।
Published By: Amit Kumar DasPosted: 04:11 PM Feb 25, 2026Updated: 04:42 PM Feb 25, 2026

কেরলের নাম বদলে কেরলম হওয়ার পর এবার রাজধানী দিল্লির নাম বদলের দাবি। দিল্লির নাম বদলে 'ইন্দ্রপ্রস্থ' করার দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। সম্প্রতি এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি লিখে নিজের দাবি পেশ করেছেন দিল্লির চাঁদনিচক কেন্দ্রের লোকসভার প্রার্থী।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে দিল্লির নাম বদলের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন প্রবীণ। লিখেছেন, 'ইন্দ্রপ্রস্থ নামটি দেশের রাজধানীর ঐতিহাসিক শিকড়, সভ্যতাগত পরিচয়কে পুনর্স্থাপিত করবে। প্রাচীন সাহিত্য, প্রত্নতাত্ত্বিক গবেষণাগুলি 'ইন্দ্রপ্রস্থ' নামের ঐতিহাসিক দলিল। মহাভারতে বর্ণনা অনুযায়ী পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। যা যমুনা নদীর তীরে অবস্থিত এক অসাধরণ শহর। সেই শহরের সঙ্গে আধুনিক দিল্লির ভৌগলিক অবস্থান অবিকল মিলে যায়। ফলে বর্তমান নাম এই শহরের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে মেলে না।'

'মহাভারতে বর্ণনা অনুযায়ী পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। যা যমুনা নদীর তীরে অবস্থিত এক অসাধরণ শহর। সেই শহরের সঙ্গে আধুনিক দিল্লির ভৌগলিক অবস্থান অবিকল মিলে যায়।'

তিনি আরও লেখেন, 'পুরাণ কিলায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননে খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ প্রাচীন বসতির সন্ধান পাওয়া গিয়েছে। মহাভারত যুগের মাটির পাত্র মিলেছে। যা ইন্দ্রপ্রস্থকে ঐতিহাসিকভাবে মান্যতা দেয়। বর্তমানে যেখানে দিল্লি রয়েছে ইন্দ্রপ্রস্থ সেখানেই সমৃদ্ধ হয়েছিল।' পাশাপাশি তাঁর আরও পরামর্শ, দিল্লির কোনও একটি স্থানে পাণ্ডবদের মূর্তি প্রতিষ্ঠা করা হোক যাতে আমাদের সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান থাকে। অমিত শাহের পাশাপাশি একই দাবিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও চিঠি লিখেছেন বিজেপি সাংসদ।

উল্লেখ্য, দক্ষিণের রাজ্য কেরলের নাম বদল করে কেরলম করার প্রস্তাব মঙ্গলবার অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভোটের মুখে মোদি সরকারের এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে চর্চা। নিয়ম অনুযায়ী, এবার রাষ্ট্রপতি সেই প্রস্তাব বিল আকারে কেরল বিধানসভায় পাঠাবেন। সেটা পাশ হওয়ার পরই কেরলের নাম বদল সম্পন্ন হবে। এদিকে কেরলের নাম বদলের পর একই দাবিতে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাম পশ্চিমবঙ্গের পরিবর্তে বাংলা করার দাবি দীর্ঘদিনের। তবে কেন্দ্র সে দাবিকে মান্যতা দেয়নি। এসবের মাঝেই এবার দাবি উঠল দিল্লির নাম বদলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement