ফের তরমুজে আতঙ্ক। এবার তরমুজ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ কিশোর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছত্তিশগড়ের (Chhattisgarh) জানজগীর-চাম্পা জেলার ঘুরকোট গ্রামে।
জানা গিয়েছে, এই পাঁচ কিশোর একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সোমবার দুপুরে বাড়িতে রাখা তরমুজ-সহ অন্যান্য খাবার খায় তারা। পরিবারের দাবি, দুপুর প্রায় ১২টা নাগাদ খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এরপর তড়িঘড়ি তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ১৫ বছরের অখিলেশ ধীবরকে মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি পোডি দলহা গ্রামে। বাকি চার কিশোর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। অসুস্থদের নাম শ্রী ধীবর, পিন্টু ধীবর, নরেন্দ্র ধীবর ও হিতেশ ধীবর।
কয়েকদিন আগে তরমুজ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মুম্বইয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ফরেন্সিক পরীক্ষার পর জানা যায়, তরমুজ খাওয়ার কারণে নয়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁদের।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে এরকম ঘটনা ঘটে থাকতে পারে। জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের পর ভিসেরা নমুনাও সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. এস কুজুর জানান, বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে পাঁচ শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলেই মনে হচ্ছে। রিপোর্ট এলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার জেরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কয়েকদিন আগে তরমুজ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মুম্বইয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ফরেন্সিক পরীক্ষার পর জানা যায়, তরমুজ খাওয়ার কারণে নয়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের শরীরে ইঁদুর মারার বিষ পাওয়া গিয়েছে। কিন্তু তরমুজ নিয়ে আতঙ্ক কাটেনি। এই খবর প্রকাশ্যে আসতেই মুম্বইয়ের বেশ কয়েকটি এলাকায় গরমের ফল হিসেবে পরিচিত তরমুজের বিক্রি কমে গিয়েছে। এর ফলে এই ফলের দামও কমেছে । এই আবহে তরমুজ নিয়ে ছত্তিসগড়েও আতঙ্ক তৈরি হল ।
