অসুস্থ ককরোচ জনতা পার্টি প্রধান অভিজিৎ দীপকে। শনিবার সকালে ভিডিও বার্তায় নিজের অসুস্থতার কথা জানান তিনি। জানা গিয়েছে, টাইফয়েড হয়েছে তাঁর। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত অসুস্থ শরীরেও আন্দোলন জারি থাকবে বলেই জানিয়েছেন অভিজিৎ।
অভিজিৎ বলেন, "গত কয়েকদিন ধরে আমি মোটেও ঠিক নেই। রক্তপরীক্ষার রিপোর্ট এসে গিয়েছে। আমার টাইফয়েড হয়েছে। আমার চিকিৎসা চলছে। রোজই আমি সকাল ও সন্ধ্যায় আইভি ড্রিপস নিচ্ছি। গোটা দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের তবে আমি ককরোচ পার্টির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন সফল হওয়ায় সকলকে অভিনন্দন।" অসুস্থ শরীরেও অভিজিৎ আত্মবিশ্বাসী, "যতক্ষণ না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলন চলবে।"
উল্লেখ্য, নিট প্রশ্ন ফাঁসের জবাবদিহি চেয়ে এবং শিক্ষা ব্যবস্থায় বদলের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তর আমরণ অনশন শুরু করেন সোনম। পাশে পান ককরোচ জনতা পার্টিকে। সেই আন্দোলনই ধীরে ধীরে বড়সড় বিদ্রোহের রূপ নেয় রাজধানীর বুকে। এহেন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার অনশন ভাঙেন তিনি। তারপর গত ১৮ জুলাই থেকে অনশন চালিয়ে যাচ্ছেন দীপকে। সোনমের অনশন ভাঙার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সোনমজিকে অনুরোধ জানাই তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। দ্রুত দৈনন্দিন জীবনে ফিরুন, তাঁর স্বাভাবিক ওজন ফিরে আসুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সোনমজি যেন সুস্থ থাকেন।’ অন্যদিকে, ককরোচ জনতা পার্টিও স্বাগত জানিয়েছে অনশন ভঙ্গের সিদ্ধান্তকে। তাদের মতে, ‘সোনম স্যর অনশন ভেঙেছেন সেটা আমাদের জন্য খুবই স্বস্তির। নিজের জীবন বাজি রেখে গোটা দেশের চেতনাকে তিনি জাগিয়ে তুলেছিলেন। আমাদের দেশের জন্য আপনার প্রাণ অত্যন্ত মূল্যবান।’
