shono
Advertisement
India vs Afghanistan T20I

ক্রিকেট থেকে 'বাদ' জনগণমন? ভারতীয় দলের ম্যাচের আগে বন্দে মাতরম বাজানোয় তোপ কংগ্রেসের

রবিবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। গোটা স্টেডিয়ামকে অবাক করে দিয়ে রবিবার ম্যাচের শুরুতে বেজে ওঠে বন্দে মাতরম।
Published By: Anwesha AdhikaryPosted: 01:36 PM Sep 14, 2026Updated: 01:53 PM Sep 14, 2026

ক্রিকেট মাঠে প্রথমবার। ভারতীয় দল মাঠে নেমে গেয়েছে বন্দে মাতরমের ৬টি স্তবক। তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাইশ গজ থেকে জাতীয় সংগীতের পাট চুকিয়ে দিল ভারত? এবার গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। প্রথম থেকেই হাতশিবির জানিয়ে দিয়েছে, বন্দে মাতরমের প্রথম দু'টি স্তবকই গাইবে তারা। সেই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এহেন পরিস্থিতিতে ক্রিকেট মাঠে বন্দে মাতরমের ৬টি স্তবক গাওয়া হল। ফের উসকে গেল বিতর্ক।

Advertisement

রবিবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয় টিম ইন্ডিয়া (India vs Afghanistan T20I)। প্রথামাফিক এই ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়, খেলোয়াড়রা গলা মেলান। কিন্তু গোটা স্টেডিয়ামকে অবাক করে দিয়ে রবিবার ম্যাচের শুরুতে বেজে ওঠে বন্দে মাতরম। জাতীয় স্তোত্রের ৬টি স্তবক বাজানো হয়, মাঠের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন দুই দলের ক্রিকেটাররা। বন্দে মাতরমের পরে বাজানো হয় জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। সেখানে গলা মেলান ক্রিকেটাররা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে জাতীয় স্তোত্র বাজানো হবে, তা আগে থেকে জানানো হয়নি বলেই খবর।

রবিবারের ম্যাচটি দিল্লিতে খেলা হলেও আসলে আয়োজক আফগানিস্তান। নিজেদের দেশে খেলার সুযোগ পায় না তারা। তাই ভারতই এখন তাদের ‘ঘরের মাঠ’। প্রশ্ন উঠছে, আয়োজক দেশের দায়িত্ব পালন করা আফগানরাও কি বন্দে মাতরম বাজানোর বিষয়টি জানতেন? সূত্রের খবর, এবার থেকে ভারতীয় দল ঘরের মাঠে সিরিজ খেললে প্রথম ম্যাচে বন্দে মাতরমের ৬টি স্তবক বাজানোর পরিকল্পনা করছে বিসিসিআই। তবে সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি বিষয়টি।

কংগ্রেস নেতা উদিত রাজের প্রশ্ন, "অকারণে এসবের কী মানে? বন্দে মাতরম গাইলেই কি টিম ইন্ডিয়া শক্তিশালী হবে? বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভারত পিছিয়ে পড়েছে, সেটার উন্নতি হবে? জেন জির এত সমস্যা রয়েছে সেগুলোর সমাধান হবে?" উল্লেখ্য, কেরল-কর্নাটকের মতো কংগ্রেসশাসিত রাজ্যগুলি জানিয়ে দিয়েছে, বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকই গাওয়া হবে সরকারি অনুষ্ঠানে। পুরো গান কোনওভাবেই গাওয়া হবে না। কংগ্রেসকে ‘দেশবিরোধী’ বলে তোপ দেগেছে বিজেপি। এবার ক্রিকেটেও জড়িয়ে গেল বন্দে মাতরম বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement