কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। জুলাই মাস থেকে বাড়তি তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অষ্টম পে কমিশনের জন্য অপেক্ষার মাঝেই তাঁদের জন্য মিলল এই সুখবর।
এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ জুলাই ২০২৬ থেকে এই বাড়তি মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হচ্ছেন। এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার ফলে গত ১২ মাসের গড় সূচক ১৪৮.৬৫ হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬%। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩.৭৬% ডিএ মানে ৬৩ শতাংশ ডিএ-র হবে বলে আশা করা হচ্ছে।
এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার ফলে গত ১২ মাসের গড় সূচক ১৪৮.৬৫ হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬%।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে দু'বার বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে থাকেন- ১ জনুয়ারি এবং ১ জুলাই থেকে। ১২ মাসের গড় কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্যের ভিত্তিতে এই মহার্ঘ ভাতার অঙ্ক স্থির করা হয়। সাধারণভাবে যে কর্মীর বেসিক পে বা মূল ভিত্তি বেতন মাসে ১৮ হাজার টাকা তাঁর ৫৪০ টাকা, যাঁর ভিত্তি বেতন ৩০ হাজার টাকা তাঁর ৯০০ টাকা এবং যাঁর বেতন ৫০ হাজার টাকা তিনি। ১৫০০ টাকা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন।
গত এপ্রিলে দুই শতাংশ ডিএ বৃদ্ধি হয় কেন্দ্রের তরফে। যা জেরে ৫৮ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা করা হয় ৬০ শতাংশ। উৎসবের মরশুমে এই মহার্ঘভাতা বৃদ্ধির অঙ্ক সবুজ সংকেত পেতে পারে বলে মনে করা হয়েছিল। তবে তার আগেই সরকারি কর্মীদের ৬৩ শতাংশ ডিএ-র নিশ্চয়তা মিলল। প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পান ৩৮ শতাংশ ডিএ। কেন্দ্র আরও ৩ শতাংশ বাড়ালে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ব্যবধান হবে ২৫ শতাংশ।
