চার বছর আগে এক জোড়া হত্যাকাণ্ডে (Agra Double Murder Case) শিউরে উঠেছিল আগ্রা। স্ত্রী তাঁর তুতো দাদার সঙ্গে প্রেম করে, এই সন্দেহে দু'জনকে খুনের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। এবার সেই ব্যক্তিকে ফাঁসির সাজা শোনাল আদালত। পাশাপাশি তাঁর ভাই ও বাবাকেও একই সাজা শোনানো হয়েছে। সেই সঙ্গে তিন দোষীকেই ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনা ২০২২ সালের। আগ্রার এতমাদপুর অঞ্চলের বাসিন্দা গৌরব। তার সঙ্গে বিয়ে হয়েছিল পূজা নাম্নী এক তরুণীর। প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতে আসতেন তাঁর তুতো দাদা শিবম সিসোদিয়া। অচিরেই গৌরব ও তাঁর পরিবারের সন্দেহ গাঢ় হতে থাকে শিবম ও পূজার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। সে বছরের মে মাসে পূজার সঙ্গে শিবম দেখা করতে আসেন তাঁর বাড়িতে। আগে থাকতেই নজর রেখেছিল গৌরব। সঙ্গে ছিল তার ভাই অভিষেক ও বাবা মদন। সকলে মিলে তাড়া করেন পূজা-গৌরবকে। তারপর তাঁদের লাঠি দিয়ে পেটাতে থাকেন। মারে চোটে তাঁরা রাস্তায় পড়ে গেলে ধাতব অস্ত্র দিয়ে দু'জনের গলা কেটে তাঁদের হত্যা করে দোষীরা। পরে পূজার দেহ উদ্ধার হয় তাঁরই বাড়ির কাছে। শিবমের দেহ পাওয়া যায় রাস্তায়। জোড়া খুন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এদিকে জানা যায়, গৌরব নাকি তার স্ত্রীর দেহের পাশে বসে কাঁদছিল। ততক্ষণে মদন ও অভিষেক থানায় গিয়ে আত্মসমর্পণ করে ফেলেছে। পরে গ্রেপ্তার হয় গৌরবও। শুরু হয় বিচার প্রক্রিয়া। অবশেষে এদিন নিম্ন আদালত তিনজনকেই ফাঁসির সাজা শুনিয়েছে। কিন্তু রায়দানের পরও তিনজনের কারও মধ্যেই কোনও হেলদোল দেখা যায়নি। বরং তারা জানিয়েছে হাই কোর্টে আবেদন করার কথা। দেশের বিচারব্যবস্থার উপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছে তিনজন।
