shono
Advertisement
Sikkim

সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, গলদ খুঁজতে গঠিত ৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ, বৃহস্পতি শেষ পাওয়া খবরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫। এদিকে এই দুর্ঘটনা কীভাবে ঘটল? সেই বিষয়ে তদন্তের জন্য উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করল সিকিম সরকার।
Published By: Suhrid DasPosted: 06:55 PM Jul 23, 2026Updated: 07:03 PM Jul 23, 2026

নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ, বৃহস্পতি শেষ পাওয়া খবরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫। এদিকে এই দুর্ঘটনা কীভাবে ঘটল? সেই বিষয়ে তদন্তের জন্য উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করল সিকিম সরকার। উদ্ধারকাজ এখনও চলছে। সোমবার ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তারপরে পেরিয়ে গিয়েছে তিনদিন। ভিতরে যে সব শ্রমিক আটকে আছেন, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা কতটা? সেই প্রশ্নও উঠেছে।

Advertisement

সোমবার দুপুরে দক্ষিণ সিকিমের সামারডুং-এ পাঁচশো মেগাওয়াট ক্ষমতার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের 'হেড রেস টানেল'-এ ওই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানেল থেকে ২৫ দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে মাত্র ১১ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও টানেলে কিছু দেহ আটকে আছে বলে খবর। অত্যন্ত প্রতিকূল ও বিপজ্জনক পরিস্থিতিতে টানেলের ভিতরে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে গতি বাড়াতে বুধবার রাতে আসানসোলের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল) থেকে একটি দ্বিতীয় বিশেষজ্ঞ উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুই বিশেষজ্ঞ দলের যৌথ উদ্যোগে মধ্যরাত পর্যন্ত উদ্ধারকার্য চলে। টানেল থেকে আরও ৫টি দেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক ঘটনার তদন্তের জন্য বুধবার সিকিম সরকার চার সদস্যের একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে।

সিকিমের মুখ্যসচিব আর তেলং-এর স্বাক্ষর করা সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন হয়েছে। ১৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। উচ্চপর্যায়ের কমিটিতে রয়েছেন সিকিম পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইন-শৃঙ্খলা) তাশি ওয়াংয়াল, খনি ও ভূতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর ফিগু শেরিং ভুটিয়া, খনি ও ভূতত্ত্ব বিভাগের অতিরিক্ত অধিকর্তা কেশর লুইটেল এবং সিকিম পুলিশের সিআইডি-র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তেনজিং লোডেন লেপচা। প্রসঙ্গত, ঘটনার পর থেকে এনডিআরএফ, এসডিআরএফ, এনএইচপিসি, প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এনএইচপিসি-র শীর্ষকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন।

ঘটনায় নিহতদের পরিবারকে এনএইচপিসি ৫ লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, সার্বিক পরিস্থিতির পর্যালোচনা চলছে৷ কোথায় গাফিলতি ছিল এবং আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement