৪৫ বছর বয়সি গৃহ পরিচারিকাকে ব্যাট দিয়ে পিটিয়ে, ধারাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন দিল্লি নিবাসী এক চিকিৎসক। দক্ষিণ দিল্লির (Delhi) মাউন্ট কৈলাশ অঞ্চলের ঘটনা। হত্যাকাণ্ডে অভিযুক্ত মণীশ গুপ্তার দাবি, কালো জাদু করে বাড়ির লোকেদের ক্ষতি করছিলেন তিনি। সেই কারণেই খুন করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডারমাটোলজিস্ট মণীশ গুপ্তা দাবি করেন, তাঁর বাড়ির দীর্ঘদিনের পরিচারিকা মীনা কালো জাদু জানতেন। ওঁর জন্য বাড়ির শান্তি বিঘ্নিত হচ্ছিল। পরিবারের সদস্যেরা কেউ ভালো ছিল না। যদিও তদন্তকারীরা এই ধরনের কোনও প্রমাণ পাননি। পুলিশের বক্তব্য, আসলে অবসাদে ভুগছিলেন চিকিৎসক। জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রসঙ্গে পরস্পরবিরোধী দাবি করছেন তিনি। হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
তদন্তকারীদের বক্তব্য, ব্যাট দিয়ে পিটিয়ে এবং ধারাল ছুরি দিয়ে কুপিয়ে মীনাকে খুন করেন মণীষ। ঘটনার দিন সকাল ১১টা বেজে ৩৬ মিনিটে থানায় ফোন যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীরা দেখেন ছাদে পড়ে আছে রক্তে ভেসে যাওয়া মীনার নিথর দেহ। পাশে বসে আছেন মণীষ। এরপরেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। খুনে ব্যবহৃত ব্যাট ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
ডিসিপি হেমন্ত তিওয়ারি বলেন, হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তা উদঘাটনের জন্য তদন্ত চলছে। ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু তথ্য প্রমাণ উদ্ধার করেছেন। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এলাকার পরিচিত চিকিৎসকের কাণ্ড জেনে হতবাক হয়ে গিয়েছেন প্রতিবেশীরা।
