দক্ষিণ দিল্লির গ্রিন পার্কের বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হল ৩০ বছর বয়সি এক বিচারকের দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁর পরিবারের সদস্যদের এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃতের নাম অমন কুমার শর্মা। তাঁর বাবার নাম প্রেম কুমার শর্মা। অমন উত্তর-পূর্ব দিল্লির করকরডুমা আদালতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির (ডিএলএসএ) সচিব হিসেবে কর্মরত ছিলেন। করকরডুমা বার অ্যাসোসিয়েশনের তরফে এবিষয়টি জানানো হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, আজ দুপুর পৌনে দুটো নাগাদ সফদরজং এনক্লেভ থানায় একটি ফোন আসে। ডিফেন্স কলোনির বাসিন্দা শিবম নামে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর জামাইবাবু বাড়ির বাথরুমে আত্মহত্য়া করেছেন। এই ফোনটি পাওয়ার পর পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে বাথরুম থেকে অমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সন্দেহজনক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছেন।
জানা গিয়েছে, অমন ২০১৮ সালে পুণের সিম্বায়োসিস ল স্কুল থেকে আইনে স্নাতক হন। ২০২১ সালের ১৯ জুন তিনি দিল্লি জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলার দায়িত্ব সামলেছেন। এছাড়া বিভিন্ন আদালতে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের অক্টোবর থেকে তিনি উত্তর-পূর্ব জেলার করকরডুমা আদালতে ডিএলএসএ-এর ফুলটাইম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
