shono
Advertisement
Assam Exit Poll

অসমে হিমন্তের প্রত্যাবর্তন, চূর্ণ বামের শেষ দুর্গ, কী বলছে চার বিধানসভার বুথ ফেরত সমীক্ষা?

চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব শেষ। জনতার মতামত আপাতত বন্দি ইভিএমে। আগামী ৪মে পাঁচটি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।
Published By: Anwesha AdhikaryPosted: 07:12 PM Apr 29, 2026Updated: 07:31 PM Apr 29, 2026

চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব শেষ। জনতার মতামত আপাতত বন্দি ইভিএমে। আগামী ৪মে পাঁচটি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তবে তার আগেই আমজনতার নজর এক্সিট পোলে। কোন রাজ্যের রাশ যাবে কোন দলের হাতে? কোন রাজ্যে পালটে যাবে শাসকের গদি? বিরোধীদের হাত কি শক্ত করবেন আমজনতা? এক্সিট পোল দেখে এসব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement

অসমে আবারও হিমন্ত বিশ্বশর্মার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে বলেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। ১২৬ আসনের মধ্যে ৮৮ থেকে ১০০টি আসন যেতে পারে এনডিএর ঝুলিতে, এমনটাই পূর্বাভাস অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার। তাদের মতে, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৪ থেকে ৩৬টি আসন। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, ৮৫ থেকে ৯৫টি আসন পেতে পারে এনডিএ। কংগ্রেস জোটের ঝুলিতে ২৫ থেকে ৩২টি আসন। অন্যান্য দলগুলি ৬ থেকে ১২টি আসন পেতে পারে। তবে অসমে হিমন্তের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল।

কেরলে বাম সরকারকে এবার কুর্সি ছাড়তে হবে বলেই মনে করছে বুথ ফেরত সমীক্ষা। অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার পূর্বাভাস, বাম জোট এলডিএফের দখলে যেতে পারে ৪৯ থেকে ৬২টি আসন। কংগ্রেসের ইউডিএফ পেতে পারে ৭৮ থেকে ৯০ আসন। বিজেপিও তিনটি আসন পেতে পারে। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র পাঁচটি আসন কম পাবে বাম জোট, মনে করছে ম্যাট্রিজ। তাদের পূর্বাভাস, ৭৫ থেকে ৮৫টি আসন নিয়ে কেরলে সরকার গড়তে চলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট।

তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের দলই ক্ষমতা ধরে রাখবে বলে পূর্বাভাস ম্যাট্রিজের সমীক্ষায়। ১২২ থেকে ১৩২টি আসন পেতে পারে ডিএমকে। অন্যদিকে এআইডিএমকে পেতে পারে ৮৭ থেকে ১১০টি আসন। প্রথমবার নির্বাচনী যুদ্ধে নামা অভিনেতা থলপতি বিজয়ের দল টিভিকেও ১০ থেকে ১২টি আসন পেতে পারে। অন্যান্য দলগুলির ঝুলিতে ৬টি আসন জেতে পারে।

পুদুচেরিতে কংগ্রেসের প্রত্যাবর্তনের পথ বন্ধ বলেই মনে করছে অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা। ৩০টি আসনের মধ্যে ১৬ থেকে ২০টি আসন পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। কংগ্রেসের ঝুলিতে ৬ থেকে ৮টি আসন যেতে পারে। ৩ থেকে ৭টি আসন পেতে পারে অন্যান্য দলগুলি।

উল্লেখ্য এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয়, তেমন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ফলাফল আসল ফলাফলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। আবার অনেকক্ষেত্রে দেখা যায়, এক্সিট পোলের ফলাফলের সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলে না। বস্তুত এই বুথ ফেরত সমীক্ষাগুলি আসল ফলাফল ইঙ্গিতমাত্র। এই আভাস দেখে আশাহত বা উচ্ছ্বসিত কোনওটিই হওয়ার কারণ নেই। আসল ফলাফলের জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement