shono
Advertisement
PM Modi

ইস্তফা দিয়েছেন মোদি! নেটদুনিয়ায় ভাইরাল সই করা পদত্যাগপত্র, ফ্যাক্ট চেকে উঠে এল সত্যিটা

দেশজুড়ে পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগাচ্ছে বিদেশি শক্তিগুলি, এমন সম্ভাবনা উসকে গিয়েছিল নিট বিরোধী আন্দোলনের সময় থেকেই। দিল্লি পুলিশ জানিয়েছে, আন্দোলন চলাকালীন সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:45 PM Jul 30, 2026Updated: 06:57 PM Jul 30, 2026

পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! বৃহস্পতিবার দিনভর এই পদত্যাগপত্র নেটদুনিয়ায় ভাইরাল। সেখানে লেখা, ব্যক্তি এবং রাজনীতিক হিসাবে যাবতীয় দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন মোদি! বহু নেটিজেন এই পোস্ট শেয়ার করেন। তাঁরা ধরে নেন, সত্যিই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। যদিও পরে ফ্যাক্ট চেক করে দেখা যায়, এই চিঠি ভুয়ো। উল্লেখ্য, দেশজুড়ে জেন জি প্রতিবাদের আবহে নানা ইস্যুতে ভুয়ো পোস্ট ছড়াচ্ছে। সেরকমই ঘটেছে প্রধানমন্ত্রীকে নিয়েও।

Advertisement

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় 'প্রধানমন্ত্রীর পদত্যাগে'র চিঠিটি। পিআইবির সতর্কবার্তা, 'প্রধানমন্ত্রী সই করা এই চিঠি সর্বত্র ছড়িয়ে পড়ছে। কিন্তু এটা ভুয়ো। প্রধানমন্ত্রী এমন চিঠি লেখেননি, সইও করেননি। এই ধরণের পোস্ট দেখলে সবসময় সেটা যাচাই করে নেবেন।' গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছিল। পিআইবির সতর্কবার্তা, এহেন পোস্ট বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, দেশজুড়ে পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগাচ্ছে বিদেশি শক্তিগুলি, এমন সম্ভাবনা উসকে গিয়েছিল নিট বিরোধী আন্দোলনের সময় থেকেই। দিল্লি পুলিশ জানিয়েছে, আন্দোলন চলাকালীন সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এবং এর নেপথ্যে পাকিস্তানের বহু অ্যাকাউন্টের সন্ধান সত্যিই মিলেছে। কেবল তাই নয়, সেই সঙ্গেই এটাও বলা হয়েছে, অপারেশন সিঁদুরের সময়ে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহৃত হয়েছিল ভুয়ো খবর ছড়ানোর জন্য। পুলিশ জানাচ্ছে, এদের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে উসকে দেওয়া। বিশেষ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা।

সেসময়েই দিল্লি পুলিশের তরফ থেকে সকলকে সতর্ক করে বলা হয়েছে, যেন কোনও শিক্ষার্থীই এমন ভুয়ো পোস্ট, সম্পাদিত ভিডিও কিংবা বেনামি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কনটেন্ট থেকে প্রভাবিত না হন। তা সত্ত্বেও নেটিজেনদের অনেকেই ভুয়ো পোস্টের ফাঁদে পা দিচ্ছেন। এহেন পোস্ট তৈরি করে আসলে দেশবাসীকে বিভ্রান্ত করছে 'শত্রুরা', বাড়ছে এই আশঙ্কা। পিআইবির তরফেও এবার নেটিজেনদের সতর্ক করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement