হোয়াটসঅ্যাপ মানেই চমক। ইউজারদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে মেটা। কেবলই মেসেজ চালাচালি নয়, সেই সঙ্গে কলিংয়ের জন্য অনেকেই বেছে নেন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপকে। তবে এতদিন কলিং করা যেত কেবল মোবাইল থেকেই। এবার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেও করা যাবে অডিও এবং ভিডিও কল। পাশাপাশি এবার থেকে গ্রুপ কলেও ইউজারদের আরও বেশি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হচ্ছে। শোনা গিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই এসে গিয়েছে। ধীরে ধীরে সারা বিশ্বের ইউজাররাই এই সুবিধা পাবেন।
২০১৫ সালে প্রথমবার ভয়েস কলের ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এক বছর পরে, ২০১৬ সালের নভেম্বরে আসে ভিডিও কলের সুবিধাও। তবে তা করা যেত অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল থেকেই। তবে, ২০২৩ সালের আগে উইন্ডোজ ও ম্যাক-এর ডেস্কটপ অ্যাপগুলোতে ভয়েস ও ভিডিও— উভয় ধরনের কলিং সুবিধা যুক্ত করা হয়নি। এখন, প্রায় তিন বছর পর তা ওয়েব সংস্করণেও চালু করা হচ্ছে।
জেনে নিন কীভাবে ডেস্কটপ থেকে করা যাবে ভিডিও কিংবা ভয়েস কল প্রথমে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করুন। যাঁকে কল করতে চান, তাঁর চ্যাট উইন্ডোটি খুলুন। আপনি যে কল করতে চান, সেই অনুযায়ী ভিডিও বা অডিও কলের বাটনে ট্যাপ করুন। প্রথমবার কল করার সময়, আপনার ল্যাপটপের মাইক্রোফোন এবং ওয়েব ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে হোয়াটসঅ্যাপ ওয়েবকে। তবে আপনি 'একবার ব্যবহারের অনুমতি' দিতে পারেন। আবার কেবল হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় অনুমতি'ও দিতে পারেন। শেষে 'ওকে গট ইট' বাটনে ট্যাপ করলেই শুরু হবে কলিং।
এরই পাশাপাশি ইউজারদের গ্রুপ কলের উপরে আরও বেশি নিয়ন্ত্রণ দেবে আরেক ফিচার 'ওয়েটিং রুম'। অর্থাৎ ইউজাররা কলে যুক্ত হওয়ার অনুমোদনের অপশনটি চালু রাখবেন। যতক্ষণ না কলটির আয়োজক তাঁকে যুক্ত করছেন তিনি অপেক্ষায় থাকবেন। ঠিক গুগল মিট এবং মাইক্রোসফট টিমসের মতোই।
