shono
Advertisement

Breaking News

Priyanka Gandhi

আইআইটি ডিরেক্টরকে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে কটাক্ষ, প্রিয়াঙ্কাকে পালটা তোপ ২০০ শিক্ষাবিদের

গতবছর একটি অনুষ্ঠানে গিয়ে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর কামাকোটি দাবি করেন, প্রচণ্ড জ্বরে ভুগতে থাকা এক সন্ন্যাসী গোমূত্র পান করেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
Published By: Anwesha AdhikaryPosted: 08:33 PM Jul 30, 2026Updated: 08:33 PM Jul 30, 2026

আইআইটি ডিরেক্টরকে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে কটাক্ষ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার কংগ্রেস সাংসদকে পালটা দিলেন দু'শোরও বেশি শিক্ষাবিদ। উপাচার্য থেকেও অধ্যাপক-সকলেই রয়েছেন সেই তালিকায়। তাঁদের তোপ, খোঁচা দিতে হোক বা রাজনৈতিক বার্তা দিতে হোক-যে কারণেই এই ভাষা প্রয়োগ করেন থাকুন প্রিয়াঙ্কা, সেটা একেবারেই অনুচিত।

Advertisement

২১৫ জন শিক্ষাবিদের সই করা ওই চিঠিতে বলা হয়, 'আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে যেভাবে গোমূত্র এক্সপার্ট বলে কটাক্ষ করা হয়েছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। একজন শিক্ষাবিদের চিন্তাভাবনা, জ্ঞান ইত্যাদিকে গুরুত্ব না দিয় স্রেফ একটা তকমা বসিয়ে দেওয়া-আমাদের সংবিধানে বর্ণিত বৈজ্ঞানিক মানসিকতার বিকাশের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রকাশ্যে মন্তব্য করলে কোনও শিক্ষাবিদের গায়ে নির্দিষ্ট তকমা লাগিয়ে দেওয়া হবে না, এই আশ্বাসটুকু থাকা খুবই প্রয়োজন।' তাঁদের মতে, গণতন্ত্রে বিরুদ্ধ মত থাকবেই। কিন্তু সেটার জন্য এইভাবে কটাক্ষ মোটেই গ্রহণযোগ্য নয়। 

নিটের প্রশ্নফাঁসের পর দেশের পরীক্ষাব্যবস্থা খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়ে কথা বলতে গিয়েই ওয়ানড়ের সাংসদ বলেন, "সংশোধনের জন্য় তো রাধাকৃষ্ণ কমিটিও তৈরি হয়েছিল কিন্তু তাদের সুপারিশ কার্যকর করা হয়নি। এখন নতুন কমিটিতে দেখছি আইবি প্রধান রয়েছেন, তথ্যপ্রযুক্তি সংস্থার প্রধান এমনকী এক গোমূত্র বিশেষজ্ঞও আছেন। এঁরা শিক্ষাব্যবস্থার কী বোঝেন?" যদিও আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের নাম উল্লেখ করেননি প্রিয়াঙ্কা। তবে তাঁর নিশানা যে কামাকোটির দিকেই, সেটা বুঝতে অসুবিধা হয়নি।

প্রসঙ্গত, গতবছর একটি অনুষ্ঠানে গিয়ে কামাকোটি দাবি করেন, প্রচণ্ড জ্বরে ভুগতে থাকা এক সন্ন্যাসী গোমূত্র পান করেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। ডাক্তার ডাকার কথা ভাবলেও, গোমূত্র পানের ১৫ মিনিটের মধ্যেই ওই সন্ন্যাসী সুস্থ হয়ে ওঠেন বলে দাবি কামাকোটির। তিনি সাফ জানান, হজম বা পেটের যাবতীয় সমস্যার জন্য গোমূত্র অত্যন্ত কার্যকরী ওষুধ। এই মন্তব্যে প্রবল সমালোচনা হয়। সেই প্রসঙ্গ টেনেই নাম না করে তাঁকে খোঁচা দিয়েছেন প্রিয়াঙ্কা। এবার কংগ্রেস সাংসদকে পালটা তোপ শিক্ষাবিদদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement