এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারের নাতনি তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতী সুলের বিয়ের রিসেপশনে চাঁদের হাট! একফ্রেমে একাধিক যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ। রাজধানীর ৬ জনপথ রোডে রয়েছে পওয়ার পরিবারে বাসভবন। সোমবার সন্ধ্যায় যা বিভিন্ন ধারার ভারতীয় রাজনীতি সঙ্গমস্থল হয়ে উঠল। একদিকে যেমন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনই ছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ। গৃহকর্তা শরদ পওয়ার সকলকেই আন্তরিক আপ্যায়ন করলেন।
মুম্বইয়ে গত জুন মাসে নাগপুরের ধনকুবের উদ্যোগপতি সারাংগ লাখানিকে বিয়ে করেন রেবতি। জমকালো অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করেন মোদি। অমিত শাহ যুগলের সঙ্গে ছবি তোলেন। একাধিক ভাইরাল ছবি ও ভিডিওতে নববধূ রেবতীকে একটি চমৎকার লাল শাড়িতে দেখা গিয়েছে। মা সোনিয়া গান্ধীর সঙ্গে শাড়ি পরিহিতা প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গিয়েছে। সঙ্গে ছিল প্রিয়াঙ্কার মেয়ে মিরায়া ও ছেলে রাইহান। পাজামা-পাঞ্জাবী পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন রাহুল গান্ধী।
পওয়ার-নাতনির বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা, তৃণমূল সাংসদ সৌগত রায়কেও। কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুদাও রেবতির বিয়ের ভিডিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। এছাড়াও আমন্ত্রিত তালিকায় ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমুখ।
প্রসঙ্গত, সিজেপি তথা নিট প্রশ্নফাঁস নিয়ে পড়ুয়াদের আন্দলোনকে ঘিরে সংসদের বাইরে ও ভিতরে শাসক-বিরোধী সংঘাতের সাক্ষী দেশ। বিদেশি অনুদান আইন, আসন পুনর্বিন্যাস বিল নিয়েও চলছে আকচাআকচি। যদিও শরদ পওয়ারের বাসভবনে সুপ্রিময়া সুলের মেয়ের বিয়েতে সেই রাজনৈতিক প্রতিপক্ষদের সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল।
