shono
Advertisement
AI Summit Chinese Robot Controversy

চিনা রোবো কুকুর নিজেদের বলে চালানোর চেষ্টা, এআই সম্মেলন থেকে 'ঘাড়ধাক্কা' নয়ডার বিশ্ববিদ্যালয়কে!

সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে দেশের প্রথম এআই ইমপ্যাক্ট সামিট।
Published By: Biswadip DeyPosted: 12:48 PM Feb 18, 2026Updated: 03:58 PM Feb 18, 2026

দেশে প্রথমবার এআই সম্মেলনের আয়োজন করেছে মোদি সরকার। আর সেখানে চিনা রোবো কুকুর নিয়ে এসে তা নির্মাণের কৃতিত্ব নিতে চেয়ে বিতর্কে নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় (AI Summit Chinese Robot Controversy)! বুধবার সম্মেলন ছেড়ে বেরিয়ে যেতে বলা হল ওই শিক্ষা প্রতিষ্ঠানকে। সূত্রানুসারে, এমন নির্দেশ তারা পায়নি বলেই দাবি করেছে ওই বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিতর্কের সূত্রপাত 'ওরিয়ন' নামক নজরদারি রোবো কুকুর নিয়েই সম্মেলনে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আসার পরে! একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে নেহা সিং নাম্নী এক অধ্যাপক দাবি করছেন, তাঁদের প্রতিষ্ঠাবন ৩৫০ কোটি টাকা খরচ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায়। তারই ফলশ্রুতি ওই যন্ত্র-সারমেয়। যে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেরিয়ে নিজে নিজেই নজরদারি চালাতে পারবে। আর এতেই হাসির রোল ওঠে। কেননা যে রোবো কুকুর নিয়ে এমন দাবি, তা আসলে চিনা যন্ত্রকুকুর। 'ইউনিট্রি জিও২' নামের ওই রোবটটি একটি বাণিজ্যিক পণ্য। দাম ২৮০০ ডলার। ভারতীয় মুদ্রায় মোটামুটি ২ লক্ষ ৩০ হাজার টাকা। সেই কুকুরকেই নিজেদের তৈরি বলে চালানোর চেষ্টাতেই ঘটে গেল বিপত্তি!

আসলে ওয়াকিবহাল মহলের মতে, গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ভেবেছিলেন যথাযথ নিরীক্ষা করা হবে না। আর তাঁরা অনায়াসেই ওই কৃতিত্ব নিজেদের কাঁধে নিতে পারবেন। যদিও ওই বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধির দাবি, তাঁরা কখনওই বলেননি ওই কুকুর তাঁদের নির্মিত। বরং ওই শিক্ষা প্রতিষ্ঠানের এআই-বিনিয়োগ বোঝাতেই কুকুরটি নিয়ে আসা হয়েছে। 

সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে এআই ইমপ্যাক্ট সামিট। অতিথি-অভ্যাগতদের পাশাপাশি বহু মানুষ উপস্থিত হয়েছেন সেই সম্মেলনে। বিরাট এই কর্মসূচি উপলক্ষে দিল্লিতে পা রেখেছেন দেশি-বিদেশি অভ্যাগতরা। এদিকে ‘ডিজিটাল ভারতের’ এআই সম্মেলনে দেখা গেল কাজ করছে না ওয়াই ফাই, ডিজিটাল পেমেন্ট বন্ধ, ইন্টারনেটের হালও তথৈবচ, এছাড়াও সর্বত্র রয়েছে অব্যবস্থার ভয়াবহ। আন্তর্জাতিক সম্মেলনের বেহাল অবস্থা দেখে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ। বেগতিক বুঝে মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে অতিথিদের কাছে ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement