shono
Advertisement
Haryana

সার্কাসে জীবন্ত সমাধিস্থ হয়ে চরম পরিণতি! মাটি খুঁড়তেই বের হল যুবকের মৃতদেহ

তিন ঘণ্টা থেকে তিন দিন অবধি এভাবে মাটির নিচে থেকে খেলা দেখান দীপক। এবারে তিনদিন পর মাটি সরাতে দেখা যায় দীপকের শরীরে সাড় নেই।
Published By: Kishore GhoshPosted: 06:49 PM Jul 29, 2026Updated: 09:16 PM Jul 29, 2026

হরিয়ানার নুহ জেলায় গ্রামীণ সার্কাসে ভয়ংকর কাণ্ড। বিপজ্জনক 'জীবন্ত সমাধি'র খেলা দেখাতে গিয়ে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার মাটির নিচে থেকে উদ্ধার করা হয় ২৭ বছরের ওই যুবককে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদাবাদের গান্ধী গ্রামে বাড়ি দীপকের। অতীতে বহুবার ওই বিপজ্জনক খেলা দেখিয়েছেন তিনি। যে খেলায় মাটি খুঁড়ে বড়সড় গর্ত তৈরি করা হয়। যার ভিতরে ঢুকে পড়েন দীপক। এর পর গর্তের মুখ ঝুরো মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা থেকে তিন দিন অবধি এভাবে মাটির নিচে থেকে খেলা দেখান দীপক। এবারে তিনদিন পর মাটি সরাতে দেখা যায় দীপকের শরীরে সাড় নেই। পরে চিকিৎসকরা যুবকের মৃত্যু নিশ্চিত করেন।

পুলিশ এবং দীপকের সহকারী জানান, গোপন কৌশলে গর্তের ভিতরে অক্সিজেন ঢোকানোর ব্যবস্থা করা হয়। কোনও ভাবে তা সম্ভব হয়নি বলেই মৃত্যু হয়েছে যুবকের। দীপকের পরিবার বংশ পরম্পরায় গ্রামীণ সার্কাসের খেলা দেখায়। গর্তের ঢোকার আগে কিছুদিন তিনি সাইকেলের খেলা দেখিয়েছিলেন। স্থানীয় সূত্র জানা গিয়েছে, ওই এলাকায় এই ধরনের সার্কাস প্রদর্শনী সাধারণ ঘটনা। একটা সময় দীপকের ভাইও এই খেলা দেখাতেন। পরে ঝুঁকিপূর্ণ খেলা বন্ধ করে দেন তিনি।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাউরি সদর থানার আধিকারিক রাজেশ কুমার বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শ্বাসকষ্টের জেরেই মৃত্যু হয়েছে দীপকের। অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নুহ জেলার কমিশনার অখিল পিলানির বক্তব্য, এই ধরনের বিপজ্জনক খেলা দেখানো অবৈধ। স্থানীয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement