দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনে গুলি চালানোর যাবতীয় অভিযোগ সংসদে খারিজ করল সরকার। বুধবার সংসদে কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যন্তর মন্তরে শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। ওখানে কোনও গুলি চলেনি, এমনকী গুলি চালানোর কোনও নির্দেশও দেওয়া হয়নি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পড়ুয়াদের উপর গুলি চালানোর যে অভিযোগ রাহুল করেছিলেন তা খারিজ করল সরকার।
বুধবার লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, 'যে দাবি করা হচ্ছে তথ্যগতভাবে তা সম্পূর্ণ ভুল।' তিনি আরও বলেন, ২০ জুলাই পুলিশি অভিযান চলাকালীন পড়ুয়াদের উপর শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। গুলি চালানোর দাবি যে সম্পূর্ণ অবান্তর তার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, গুলি চালানোর নির্দেশ শুধুমাত্র ম্যাজিস্ট্রেটই দিতে পারেন, কোনও পুলিশ নয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়ান বলে যে দাবি রাহুল করেছিলেন সংসদে তাও খারিজ করেন জিতেন্দ্র সিং।
মন্ত্রী বলেন, গুলি চালানোর নির্দেশ শুধুমাত্র ম্যাজিস্ট্রেটই দিতে পারেন, কোনও পুলিশ নয়।
উল্লেখ্য, এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে নিশানা করে রাহুল গান্ধী বলেছিলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি আমাদের ছাত্রদের রক্তে পেলেট ঢুকিয়ে দিয়েছেন। ভারতের ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ তিনিই দিয়েছেন।" সোশাল মিডিয়াতেও এই সংক্রান্ত একাধিক দাবি সামনে আসে। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো সেই দাবিকে মিথ্যে বলে জানিয়েছে। রাহুল গান্ধী-সহ বাকি বিরোধীরাও সংসদে এই ইস্যুতে অমিত শাহের জবাব চান। তবে সরকারের তরফে গুলি ছোড়ার যাবতীয় অভিযোগ খারিজ করা হল সংসদে।
