দিল্লি-সহ দেশের বিভিন্ন মন্দিরের কাছে বিস্ফোরণের ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। শনিবার সকালেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। তার মধ্যেই কাশ্মীর এবং পাঞ্জাবে উদ্ধার হল আইইডি বিস্ফোরক। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে একটি পুলিশচৌকির অদূরে উদ্ধার হয় একটি সন্দেহজনক ব্যাগ। তড়িঘড়ি খবর দেওয়া বম্ব স্কোয়াডে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিস্ফোরক। অন্যদিকে, একইদিনে কাশ্মীরের গান্দেরবাল জেলার সাফাপোরাতে উদ্ধার হয় আরও একটি আইইডি বিস্ফোরক। পরে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে সেটিকে নিস্ক্রিয় করে। যদিও এই ঘটনার সঙ্গে জঙ্গি-যোগের বিষয়টি এখনই নিশ্চিত করা হয়নি। তবে শনিবারের গোয়েন্দা সতর্কবার্তার মধ্যেই এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।
গত বছরের নভেম্বরে লালকেল্লার কাছে দিল্লির গাড়িবোমা বিস্ফোরণে শিউরে উঠেছিল দেশ। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, লস্করের নিশানায় ফের লালকেল্লা। স্রেফ লালকেল্লাই নয়, চাঁদনি চকের একটি মন্দির-সহ দেশের অন্যান্য মন্দিরের কাছেও বিস্ফোরণের ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জানা যাচ্ছে, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের এক মসজিদে যে বিস্ফোরণ হয়েছিল, তার ‘প্রতিশোধ’ নিতেই এই সম্ভাব্য হামলার ছক।
