shono
Advertisement

Breaking News

Omar Abdullah

কেরলের নাম বদল হলে পশ্চিমবঙ্গের নাম বাংলা কেন হবে না? কেন্দ্রের বিরোধিতা করে মমতার পাশে ওমর

কেরলের নাম বদলে হতে চলেছে ‘কেরলম’। সে রাজ্যের পিনারাই বিজয়ন সরকারের প্রস্তাবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Saurav NandiPosted: 04:01 PM Feb 25, 2026Updated: 04:25 PM Feb 25, 2026

কেরলের নাম বদলে হতে চলেছে ‘কেরলম’। সে রাজ্যের পিনারাই বিজয়ন সরকারের প্রস্তাবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর সরকার রাজ্যের নাম পরিবর্তন করে 'বাংলা' করার প্রস্তাব দিলেও তা নিয়ে চুপ নরেন্দ্র মোদি সরকার (PM Modi)। বাংলার মুখ্যমন্ত্রীর এই অবস্থানে তাঁর পাশে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah)। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব যদি বিধানসভায় পাশ হয়ে থাকে, তা হলে এই বিষয়টি পর্যালোচনা করা উচিত কেন্দ্রের।

Advertisement

ওমর বলেন, "যদি উনি (মমতা) দাবি করে থাকেন, তা হলে তা মেনে নেওয়া উচিত কেন্দ্রের। যদি কেরলের নাম পরিবর্তন সম্ভব হয়, তাহলের পশ্চিমবঙ্গের নাম বদল কেন হবে না? ভবিষ্যতে যদি জম্মু-কাশ্মীরের বিধানসভায় এই ভাবে নাম বদলের প্রস্তাব পাশ হয়ে থাকে, তাহলে কেন্দ্রেরও উচিত সেটা দেখা।"

প্রসঙ্গত, কেরলের নাম বদলের বিরোধিতা করেনি মমতা। এ নিয়ে কেরলবাসীকে তিনি অভিনন্দনই জানিয়েছেন। কিন্তু তাঁর প্রশ্ন, একই যাত্রায় কেন পৃথক ফল হবে? মমতার অভিযোগ, কেরলে সিপিএমের সঙ্গে বিজেপির ‘যোগের’ কারণেই নাম পরিবর্তন সম্ভব হয়েছে। যদিও দক্ষিণের রাজ্যটির সমস্ত রাজনৈতিক পক্ষেরই বক্তব্য, সেখানে ‘কেরলম’-ই চালু নাম। সরকারি প্রকল্পগুলিতেও এই নামই ব্যবহার করা হয়।

পশ্চিমবঙ্গের সঙ্গে কেরলেও সামনে বিধানসভা নির্বাচন। ঠিক এই সময়ে নাম বদলের প্রস্তাবে সম্মতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য নির্বাচনের সঙ্গে এই সিদ্ধান্তের যোগাযোগ মানতে চাননি। বলেছেন, ‘‘ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’’ আর সেই রাজ্যের প্রধান যুযুধান দু’পক্ষ বাম এবং কংগ্রেসের দাবি, এই সিদ্ধান্তের কোনও সুফল বিজেপি পাবে না। অশ্বিনীকে পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়েও জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রশ্ন এড়িয়ে যান।

মঙ্গলবার মমতা বলেছেন, ‘‘আমাদের ডব্লিউ, ওয়াই, জেডে পড়ে থাকতে হয় কেন? আমি যখন মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বৈঠকে যাই, তখন আমাকে রাজ্যের নাম অনুযায়ী শেষে বলার সুযোগ দেওয়া হয়। এই কারণে সব দিক ভেবে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব দিয়েছিলাম। দু’তিন বার কেন্দ্রকে প্রস্তাব দিয়েছি। প্রথমে বলা হল বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষায় একটাই নাম প্রস্তাব করুন। তার পরে বাংলা নামটি ফের বিধানসভায় পাশ করা হয়। আমার সঙ্গে যত বার প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হয়েছে, এই বিষয়ে বলেছি। কিন্তু কেন জানি না... ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়।’’ একই সঙ্গে মমতার বক্তব্য, ‘‘কেরলে বিজেপির সঙ্গে সিপিএমের একটা জোট গড়ে উঠছে বলে ওরা পেয়ে গেল। এক দিন তো আপনারা চলে যাবেন। বাংলা নাম কিন্তু আদায় করে নিয়ে আসব।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement