shono
Advertisement

Breaking News

India

চলছে মার্কিন আগ্রাসন, প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রের

কী বার্তা বিদেশমন্ত্রকের?
Published By: Amit Kumar DasPosted: 12:29 AM Jan 04, 2026Updated: 12:29 AM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন আগ্রাসনের কবলে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। গুরুতর এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিবৃতি জারি নয়াদিল্লির। বিশেষ প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে না যাওয়ার বার্তা বলা হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর জারি করেছে কেন্দ্র।

Advertisement

শনিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনও ভারতীয় যেন ভেনেজুয়েলয়া না যান। বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের চলাফেরা নিয়ন্ত্রণ করার পরামর্শের পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। দেওয়া হয়েছে নির্দিষ্ট মেল আইডি ও ফোন নম্বর। বিদেশমন্ত্রকের প্রকাশিত মেল আইডি হল cons.caracas@mea.gov.in, এবং ফোন নম্বর +58-412-9584288।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাপানউতোরের পর শনিবার ভোররাতে রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে বোমা হামলা চালিয়েছে আমেরিকা। বন্দি করা হয়েছে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। সেই অভিযোগের মাঝেই শনিবার সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ''যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব। আপাতত আমরা অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাই না। গত দীর্ঘ সময় ধরে এখানে যে পরিস্থিতি ছিল, এখনও সেই একই অবস্থা রয়েছে। তাই আমরাই দেশ চালাব।"

একইসঙ্গে ভেনেজুয়েলার বিশাল তৈলভাণ্ডারের সংস্কারের বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ''আমাদের দেশের বৃহত্তম তৈলসংস্থাগুলি ভেনেজুয়েলায় আসবে এবং কোটি কোটি ডলার ব্যয় করবে। তারা এখানকার (ভেনেজুয়েলার) ভেঙে পড়া জ্বালানি ব্যবস্থার সংস্কার করবে এবং ওই দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।" ট্রাম্পের কথায় ভেনেজুয়েলার অবকাঠামো শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে তিনি এটাও জানিয়ে দেন, দেশের নিয়ন্ত্রণ হস্তান্তর করতে সময় লাগবে। যদিও তা কতদিন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন আগ্রাসনের কবলে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
  • গুরুতর এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিবৃতি জারি নয়াদিল্লির।
  • বিশেষ প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে না যাওয়ার বার্তা বলা হয়েছে।
Advertisement