ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে গাজার জন্য প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ অংশ নেয়নি ভারত। প্রথমে আমন্ত্রণ পেলেও সেই ডাকে সাড়া দেয়নি নয়াদিল্লি। কিন্তু মাসখানেকের মধ্যেই অবস্থান বদল ভারতের! বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বোর্ড অফ পিসে যোগদানের মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ভারত। দিনকয়েক আগেই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে। তারপরেই কি মত বদলাচ্ছে ভারত?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর বলেন, "গাজার জন্য প্রস্তাবিত 'বোর্ড অফ পিস'-এ যোগ দেওয়ার জন্য আমেরিকার তরফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আগামী ১৯ ফেব্রুয়ারি এই বোর্ডের প্রথম বৈঠক হবে। সেখানে ভারত অংশ নেবে কিনা সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। গাজা-সহ গোটা এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি ফেরানোর যাবতীয় পদক্ষেপকে সবসময় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বোর্ড অফ পিস-এ ভারত যোগ দেবেন কিনা সেটা নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে।"
কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি খানিকটা পালটায়। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত বলে ঘোষণা করেন ট্রাম্প। সেই ঘোষণার পরেই বোর্ড অফ পিস নিয়ে আলাদা করে ভাবনাচিন্তাও শুরু করে দিল ভারত।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আনুষ্ঠানিক ভাবে গাজার জন্য প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে অংশ নেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু দাভোসের মঞ্চে ছিলেন না ভারতের প্রতিনিধি। সেসময়ে ধরে নেওয়া হয়েছিল, বোর্ড অফ পিসকে প্রত্যাখ্যান করছে নয়াদিল্লি। কেবল ভারত নয়, পশ্চিম ইউরোপের একাধিক দেশও ট্রাম্পের এই ডাকে সাড়া দেয়নি।
কিন্তু দাভোসের মঞ্চে হাজির ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ট্রাম্পের একেবারে পাশে আসনে বসেছিলেন শাহবাজ। মাঝেমাঝে কথাও বলতে দেখা গিয়েছে দুই রাষ্ট্রপ্রধানকে। তার কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি খানিকটা পালটায়। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত বলে ঘোষণা করেন ট্রাম্প। সেই ঘোষণার পরেই বোর্ড অফ পিস নিয়ে আলাদা করে ভাবনাচিন্তাও শুরু করে দিল ভারত। যে বোর্ড অফ পিসে পাকিস্তান রয়েছে, সেখানেই অংশ নিতে হবে ভারতকেও। তাহলে কি বাণিজ্যচুক্তির পর 'কৃতজ্ঞতা' হিসাবে ট্রাম্পের এই বোর্ডে অংশ নেওয়ার কথা ভাবছে নয়াদিল্লি? এই বোর্ডে অংশ নিলে ভারতের দীর্ঘদিনের নিরপেক্ষতার আদর্শ বজায় থাকবে তো?
